দীর্ঘ ১৫ বছর পর নির্মিত হতে যাচ্ছে জনপ্রিয় সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল। সম্প্রতি সিনেমাটির প্রযোজক একতা কাপুর জানিয়েছেন, সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের জন্য উপযুক্ত গল্প পেয়েছেন তিনি। ২০১১ সালে মুক্তি পাওয়া মূল সিনেমায় সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। তবে প্রযোজক একতা কাপুর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের পরিকল্পনার কথা জানালেও এই সিনেমায় বিদ্যা বালান থাকছেন কি না, তা এখনও নিশ্চিত করেননি।
সম্প্রতি একটি পডকাস্টে একতা কাপুর জানান, দীর্ঘদিন ধরেই সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের কথা ভাবছিলেন তিনি। তবে মনের মতো গল্প খুঁজে না পাওয়ায় এতদিন কাজটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। এবার এমন একটি গল্প পেয়েছেন, যা দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি।
তবে ‘দ্য ডার্টি পিকচার ২’-এর গল্প কী নিয়ে হবে, তা এখনও প্রকাশ করেননি একতা। আগের সিনেমার মতো সিল্ক স্মিতার জীবনকাহিনি আবারও পর্দায় উঠে আসবে, নাকি অন্য কোনো নারীর জীবনকে কেন্দ্র করে তৈরি হবে নতুন সিনেমাটি, একতার ঘোষণার পর তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। এদিকে সিক্যুয়েলে বিদ্যা বালানের অভিনয়ের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। সবমিলিয়ে বেশ একটা রহস্য বজায় রাখছেন একতা এখন পর্যন্ত।
প্রসঙ্গত, ২০১১ সালে মুক্তি পাওয়া ‘দ্য ডার্টি পিকচার’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন বিদ্যা বালান। আরও ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।
সময়ের আলো/প্রিন্ট/আতা