রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। তাদের মধ্যে

2026-10-13T08:49:12+00:00
2026-10-13T08:50:24+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
রিয়াদে আহত ১ বাংলা‌দে‌শির অবস্থা আশঙ্কাজনক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৮:৪৯ এএম  আপডেট: ১৩.১০.২০২৬ ৮:৫০ এএম
কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা শঙ্কামুক্ত হলেও নওগাঁর সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আহতদের চিকিৎসা ও আটকে পড়া বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিয়াদের বাংলাদেশ দূতাবাসের শ্রমকল্যাণ উইং থেকে পাঠানো সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানা‌নো হয়, শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকের ওই হামলায় বিভিন্ন দেশের মোট ১৩ জন নিহত হন, আহত হন ৩০৯ জন। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি। আহত হ‌য়ে‌ছেন আরও ২৭ জন বাংলাদেশি, তা‌দের মধ্যে ১১ জন সৌদি আরব প্রবাসী কর্মী এবং ১৬ জন ওমরাহ ভিসার যাত্রী। 

আহত ২৭ জন বাংলাদেশি কর্মীর মধ্যে ১২ জনকে প্রাথমিক চিকিৎসার পর রিলিজ দেওয়া হয়েছে। বর্তমানে ১৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের মধ্যে ৪ জন শঙ্কামুক্ত হলেও ওমরাহ ভিসায় আগত নওগাঁর বা‌সিন্দা সাফফাত রহমানের অবস্থা আশঙ্কাজনক। আহত সকল বাংলাদেশির সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং তাদের সর্বশেষ আপডেট জানতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাসের সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত আছে। 


এ ঘটনায় বাংলাদেশ হতে আগত এবং বাংলাদেশগামী প্রায় পাঁচ শতাধিক বাংলাদেশি বিমানবন্দরটিতে আটকা পড়ে ছিলেন। তন্মধ্যে ওমরাহ পালনের উদ্দেশ্যে আগত ১৭ জনকে মেরিয়ট হোটেল, ২৫ জনকে রেডিসন ব্লু হোটেল এবং ৪০ জনকে রিয়াদস্থ প্রিন্সেস নূরা বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে সরিয়ে আনা হয়েছে। 

রিয়াদ-টু-ঢাকাগামী সৌদিয়া এয়ারলাইন্সের বাতিলকৃত ফ্লাইট নম্বর SV804 এর প্রায় ৪০০ জন বাংলাদেশি যাত্রীকে বিমানবন্দর কর্তৃপক্ষ, সৌদি ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্তৃপক্ষের সহায়তায় দাম্মামস্থ কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাংলাদেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  ৩ জন বাংলাদেশি পাসপোর্ট হারিয়ে ফেলায় তাদের অনুকূলে জরুরি ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে।

সৌদি সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ইতোমধ্যে রিয়াদস্থ কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। ফলে, স্থগিতাবস্থা প্রত্যাহার এবং বিমান চলাচল স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে রিয়াদে কর্মী আগমন, রিয়াদ হতে বাংলাদেশে সাধারণ কর্মী ও অসুস্থ ব্যক্তিদের প্রত্যাবর্তন এবং মরদেহ পাঠানো বাধাগ্রস্ত হবে।

বাংলাদেশ দূতাবাস সৌদি আরবের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশি নাগরিকদের যেকোনো জরুরি সেবা প্রদানে সর্বদা প্রস্তুত আছে। 

সময়ের আলো/মহু
  বিষয়:   রিয়াদ  বিমাবন্দর  হামলা  আহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: