ইরানের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করতে গিয়ে যুক্তরাষ্ট্র হয়তো ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে আলোচনার জন্য দেশটির কোন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে, তা নির্ধারণ করতে ওয়াশিংটনকে হিমশিম খেতে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, ‘নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আমরা হয়তো অনেক দূর এগিয়ে গেছি। কারণ, এখন আমরা আর জানিই না, কার সঙ্গে আলোচনা করছি।’
তিনি আরও দাবি করেন, ‘ইরানের প্রেসিডেন্ট হতে কেউই রাজি নয়।’ সম্ভাব্য প্রার্থীরা এ দায়িত্ব নিতে অনিচ্ছুক বলেও মন্তব্য করেন তিনি।
তবে ট্রাম্পের এ বক্তব্যের বিপরীতে, ২০২৪ সালের জুলাই থেকে ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মাসুদ পেজেশকিয়ান।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, কার সঙ্গে আলোচনা করতে হবে, তা খুঁজে বের করতেই আমাদের বেশ বেগ পেতে হচ্ছে। আমার মনে হয়, আমরা অনেক দূর এগিয়ে গেছি।’
এদিকে, ইরানের বিমানবাহিনী এবং দেশটির ১৫৯টি জাহাজ ধ্বংস হয়ে গেছে বলে নিজের আগের দাবিও পুনর্ব্যক্ত করেছেন ট্রাম্প। তাঁর ভাষায়, জাহাজগুলো এখন ‘সমুদ্রের তলদেশে সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছে’।
ট্রাম্পের এ মন্তব্যের মধ্যেই উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত বাণিজ্যিক জাহাজে অন্তত ১৯টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে।
সময়ের আলো/কেএইচও