সিনেমায় অভিনয়ের সুযোগ দিতে চেয়ে যৌন সম্পর্কের প্রস্তাব! অভিনয়জীবনের শুরুর দিকে এমনই তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নীতি টেলর। তার দাবি, প্রথম তেলেগু সিনেমার পরিচালকই পরবর্তী ছবিতে কাজের প্রস্তাব দেওয়ার সময় এমন কথা বলেছিলেন।
সম্প্রতি ‘হাউটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনয়জীবনের শুরুর দিকের এই অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন নীতি। তার এই বক্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে বিনোদনজগতে কাজের সুযোগের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ।
হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়া’ দিয়ে ব্যাপক পরিচিতি পান নীতি টেলর। তবে টেলিভিশনে সাফল্য পাওয়ার আগেই তেলেগু সিনেমায় কাজ করতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে নীতি জানান, তার প্রথম তেলেগু সিনেমার পরিচালক পরবর্তী একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব দিয়ে তাকে ফোন করেছিলেন। কথার একপর্যায়ে পরিচালক জানান, ছবিটিতে কাজ করতে হলে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে। এমন প্রস্তাবের জন্য প্রস্তুত ছিলেন না নীতি। কীভাবে প্রতিক্রিয়া জানাবেন, তা বুঝে উঠতে না পেরে ফোন কেটে দেন তিনি।
ঘটনাটি স্মরণ করে নীতি বলেন, আমার প্রথম সিনেমার পরিচালক কাজ শেষ হওয়ার পর আরেকটি সিনেমার জন্য ফোন করেছিলেন। এরপর তিনি বলেন, ‘এবার সিনেমাটি করতে হলে তোমাকে আমার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হবে।’ আপনি বুঝতেই পারেন না, কীভাবে প্রতিক্রিয়া জানাবেন। আমি শুধু ফোন কেটে দিয়েছিলাম। তার নম্বর ব্লক করে মাকে ফোন করি।
এ ঘটনার প্রভাব পড়েছিল নীতির অভিনয়জীবন নিয়ে ভাবনাতেও। অভিনেত্রী জানান, ওই পরিচালককে এর আগে অন্য নারীদের সঙ্গে দেখেছিলেন। কিন্তু একসময় তার কাছেও এমন প্রস্তাব আসবে, তা কল্পনাও করেননি।
নীতি বলেন, আমি তাকে অন্য মেয়েদের সঙ্গে দেখেছি। কিন্তু কখন তিনি আমার সঙ্গেও এমন চেষ্টা করবেন, তা জানতাম না। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম, আর কোনো সিনেমা করব না।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ঘটনাটি তাকে এতটাই হতবাক করেছিল যে পরিচালকের নম্বর ব্লক করেই যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তবে সে সময় বিষয়টি প্রকাশ্যে আনেননি। সাম্প্রতিক সাক্ষাৎকারেও ওই পরিচালকের নাম প্রকাশ করেননি নীতি।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
সময়ের আলো/আতা