প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ২:১৫ পিএম
হোয়াইক্যংয়ে আগুনে পুড়ে বাড়ি ছাই। ছবি : সময়ের আলোকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অলি মাস্টারের পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রোববার (১৮ অক্টোবর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে অলি মাস্টারের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে পুরো বাড়ি পুড়ে যায়। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের স্থান থেকে ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় কর্মীদের ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
হোয়াইক্যং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজালাল বলেন, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
এদিকে, পুড়ে যাওয়া বাড়িটির চারপাশে আরও অনেক বসতবাড়ি থাকলেও সেগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি। এতে বড় ধরনের আরও ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে আশপাশের বাড়িঘর। এ জন্য স্থানীয় বাসিন্দারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।
স্থানীয়দের দাবি হ্নীলা-হোয়াইক্যংয়ের মাঝামাঝি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন হলে, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা মোকাবিলায় ফায়ার সার্ভিসের দ্রুত পৌঁছানো অত্যন্ত জরুরি। কিন্তু ঘটনাস্থল থেকে টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার হওয়ায় জরুরি পরিস্থিতিতে সেবা পেতে বিলম্ব হতে পারে।
অগ্নিকাণ্ডে প্রায় ৩০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুনে বসতবাড়ি হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে।
সময়ের আলো/জোই