প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:০৫ এএম
ইতালির সিসিলি অঞ্চলে পরপর অন্তত ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। ছবি : সংগৃহীতইতালির সিসিলি অঞ্চলে পরপর অন্তত ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পালের্মো ও মেসিনা শহরের বিভিন্ন স্কুল থেকে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। খালি করা হয়েছে আদালতসহ বিভিন্ন সরকারি ভবন।
স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) এসব ভূমিকম্প অনুভূত হয়। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
ভূমিকম্পের পর পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন খালি করা হয়। একইভাবে সিসিলি ও ইতালির মূল ভূখণ্ডের মধ্যবর্তী দ্বীপ লিপারিতে শিক্ষার্থী ও পৌরসভার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
ভূমিকম্পগুলোর অধিকাংশের উৎপত্তিস্থল ছিল সিসিলির রাজধানী পালের্মো এবং এর উত্তর উপকূলের আশপাশে। পালের্মো থেকে ৬০ মাইলেরও কম দূরত্বে এসব কম্পনের উৎপত্তি হয়েছে। এ ছাড়া পাত্তি, লিকাটা, কাপো দ’ওরলান্দো ও কাম্পোফেলিচে দি রোচেল্লার বাসিন্দারাও ভূমিকম্প অনুভব করেছেন।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
পালের্মোর মেয়র রবার্তো লাগাল্লা জানান, পরিস্থিতির পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট
সময়ের আলো/এমকে