প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৩০ এএম আপডেট: ২৪.১০.২০২৬ ১০:৩০ এএম
ব্রিটেনের লিভারপুলে একটি বিক্ষোভ চলাকালে পুলিশ কর্মকর্তারা প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের একজন প্রচারককে সরিয়ে দিচ্ছেন, ২৭ সেপ্টেম্বর, ২০২৬। ছবি : সংগৃহীত যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে লন্ডনে বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন শত শত মানুষ। আগামী ৩১ অক্টোবর লন্ডনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে এ বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। একই দিনে এডিনবরায় মার্কিন কনস্যুলেটের সামনেও সমাবেশের পরিকল্পনা রয়েছে।
প্রতিবাদী সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ জানিয়েছে, লন্ডনের বিক্ষোভে ৪০০ জনের বেশি মানুষ অংশ নিতে পারেন। বিক্ষোভকারীরা প্যালেস্টাইন অ্যাকশনের প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড বহন করবেন।
২০২৫ সালের জুলাইয়ে প্যালেস্টাইন অ্যাকশনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণার পর থেকে প্রকাশ্যে সংগঠনটির প্রতি সমর্থন জানানোর অভিযোগে যুক্তরাজ্যে ৩ হাজার ৮৫০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আয়োজকেরা।
আগামী ৪ ও ৫ নভেম্বর যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে সংগঠনটির ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে করা আপিলের শুনানি হওয়ার কথা। সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা হুদা আম্মোরি এ আপিল করেছেন।
আয়োজকদের দাবি, বিক্ষোভের স্থান হিসেবে যুক্তরাষ্ট্রের দূতাবাস বেছে নেওয়ার উদ্দেশ্য হলো—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করতে ব্রিটিশ সরকারকে চাপ দিয়েছিল কি না, সেই প্রশ্ন সামনে আনা।
সময়ের আলো/জেডি