প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১০:৫২ পিএম
ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুই দফায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। সংগৃহীত ছবি ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দুই দফায় একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা। ক্ষেপণাস্ত্রগুলো বিমানবন্দরের আশপাশের এলাকায় আঘাত হেনেছে বলে জানিয়েছে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকার। এ ঘটনার পর বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। হুতিরা আবারও বিমানবন্দরটিতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গোষ্ঠীটির এক মুখপাত্র বিবৃতি দিয়ে বিমানবন্দরটি খালি করার আহ্বান জানিয়েছিলেন।
ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকারের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হুতিরা দুই দফায় এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের দাবি, কয়েক দিনের মধ্যে বিমানবন্দরটিতে হামলার সংখ্যা বেড়ে ছয়টিতে দাঁড়িয়েছে।
বিবৃতিতে বলা হয়, বেসামরিক স্থাপনায় বারবার হামলার ফলে যাত্রী, উড়োজাহাজের ক্রু এবং বিমানবন্দরের কর্মীদের জীবন সরাসরি হুমকির মুখে পড়েছে। এসব হামলা বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রমকেও ঝুঁকির মধ্যে ফেলেছে।
এসব হামলার জন্য হুথিদের সম্পূর্ণ দায়ী করেছে পরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে হামলার নিন্দা জানানো এবং তা বন্ধে জরুরি পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে তারা। বিশেষ করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) প্রতি এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, হামলার আগে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণাধীন এডেন বিমানবন্দর খালি করার নির্দেশ দিয়েছিল হুতিরা। গোষ্ঠীটি জানিয়েছিল, বিমানবন্দরটিতে সামরিক সরঞ্জামবাহী একটি কার্গো বিমান অবতরণ করেছে, যেটিকে লক্ষ্যবস্তু করা হবে।
বুধবার হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ‘এডেন বিমানবন্দরে যারা উপস্থিত আছেন, তাদের এ মুহূর্তে সরে যাওয়ার নির্দেশনা দিচ্ছে আমাদের সশস্ত্র বাহিনী। এর কারণ, সেখানে সৌদি শত্রুদের একটি সামরিক কার্গো বিমান রয়েছে। এই বিমান দিয়ে ইয়েমেনের সন্তানদের হত্যার জন্য অস্ত্র সরবরাহ করা হচ্ছে।’
ইয়েমেনের রাজধানী সানা হলেও দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এডেনকে অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করছে।
এর কয়েক সপ্তাহ আগে এডেনের প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুথিরা। ওই সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরা। তাঁদের লক্ষ্য করে অন্তত পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানা যায়। মন্ত্রীরা কেউ নিহত না হলেও ওই দিন প্রেসিডেন্সিয়াল গার্ডের অন্তত চার সদস্য প্রাণ হারান বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
সময়ের আলো/ইউএমএইচ