প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম
নাদিম হোসেন। ছবি : সংগৃহীতডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন সাভার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের সাবেক প্রতিনিধি নাদিম হোসেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে নাদিম হোসেন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার গভীর রাতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। শুক্রবার বিকেলে সেখানেই তার মৃত্যু হয়।
৪০ বছর বয়সী নাদিম হোসেন বাবা-মা, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। এক দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন তিনি। বর্তমানে সাভার প্রেস ক্লাবের নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে সাভার প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা শোক প্রকাশ করে বলেন, নাদিম হোসেন ছিলেন একজন তরুণ, প্রতিভাবান ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক। পাশাপাশি সাংগঠনিক দক্ষতাও ছিল তার। তার অকাল মৃত্যু সাভারের সাংবাদিকতার জগতে অপূরণীয় ক্ষতি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।
সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, শুক্রবার রাত ৮টার দিকে প্রেস ক্লাবের সামনে নাদিম হোসেনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইরে নেওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সময়ের আলো/জোই