
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান । ছবি : সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান । ছবি : সংগৃহীত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) ‘আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান’ হিসেবে বর্ণনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, রাজধানীর বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নের প্রতিটি পর্যায়ে সুশাসনের ঘাটতি রয়েছে। রাজউক, প্রশাসন, নিয়ন্ত্রক সংস্থা ও ইউটিলিটি কর্তৃপক্ষের একাংশের যোগসাজশে এ খাতে অনিয়ম-দুর্নীতি চলছে। অন্যদিকে রাজনৈতিক ছত্রছায়ায় ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহল এবং প্রশাসনের একাংশ মিলে গড়ে তুলেছে এক ধরনের মাফিয়াতন্ত্র।
বুধবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাজউক নিয়ে এক প্রশ্নের জবাবে ইফতেখারুজ্জামান বলেন, রাজউকের ওপর অন্য গবেষণা ছিল। রাজউককে আমরা বলেছি একটি আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান। এটি আমাদের এই ঘরে যারা উপস্থিত এবং ঘরের বাইরে যারা উপস্থিত, তাদের সবার ঢাকা শহরে যারা রাজউকের সঙ্গে কোনো না কোনোভাবে সংশ্লিষ্টতা আছে, আমারও ব্যক্তিগতভাবে আছে।
তিনি বলেন, গবেষণাটি রাজউককেন্দ্রিক না হলেও বেসরকারি আবাসন খাতের সেবা কার্যক্রমে রাজউকের সংশ্লিষ্টতার ক্ষেত্রে যোগসাজশ ও অনিয়মের অংশীদারিত্ব রয়েছে। রাজউকের সক্ষমতা, সুশাসন ও জবাবদিহির ঘাটতির সুযোগ নিয়ে আবাসন ব্যবসা-প্রতিষ্ঠানের একাংশ এবং রাজউকের অসাধু কর্মকর্তাদের একটি অংশ লাভবান হচ্ছে।
ড্যাপ সংশোধনের ক্ষেত্রেও প্রভাবশালী আবাসন প্রতিষ্ঠানগুলোর ভূমিকা এবং তাদের কাছে রাজউকের মাথা নত করার দৃষ্টান্ত রয়েছে বলে উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, বেসরকারি আবাসন খাতে সুশাসনের ছয়টি ক্ষেত্র— আইনের শাসন ও যথাযথ প্রয়োগ, সক্ষমতা ও কার্যকারিতা, স্বচ্ছতা, তথ্য প্রকাশ, অংশগ্রহণ এবং জবাবদিহি; প্রতিটিতেই ব্যাপক ঘাটতি রয়েছে। তবে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ঘাটতি সমান নয়। কিছু প্রতিষ্ঠান তাদের নথিতে আইএসও বা লিডের মতো স্বীকৃতি থাকার কথা জানিয়েছে।
ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, আইনের ঘাটতি এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার সুযোগে রিয়েল এস্টেট কোম্পানির একাংশ অনিয়ন্ত্রিত ও জবাবদিহিহীনভাবে ব্যবসা করছে। একই সঙ্গে ক্ষমতার অপব্যবহারও করছে। প্রকল্পের স্থান নির্বাচন, জমি কেনা বা দখল, প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়ন থেকে শুরু করে প্লট হস্তান্তর পর্যন্ত পুরো প্রক্রিয়ায় পদ্ধতিগত দুর্নীতি, ত্রুটি, ক্ষমতার অপব্যবহার এবং নিয়মবিধি না মানার ঘটনা অনেকটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে।
আবাসন খাত মূলত ‘সাপ্লাই ড্রিভেন’ বা সরবরাহকারীনির্ভর হওয়ায় জমির মালিক ও সাধারণ ক্রেতারা আবাসন ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়ছেন বলে মন্তব্য করেন তিনি।
তার ভাষায়, রাজনৈতিক যোগসাজশ ও ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী এবং ভূমি দখলকেন্দ্রিক স্বার্থান্বেষী মহলের সঙ্গে প্রশাসনের একাংশ মিলে এক ধরনের মাফিয়াতন্ত্র গড়ে তুলেছে। তারাই ঠিক করে দেয় কী ধরনের নিয়ম হবে এবং কালো টাকা বৈধ করার সুযোগ কীভাবে দেওয়া হবে।
অবৈধভাবে নদী, খাল ও জলাভূমি ভরাট এবং পাহাড় কেটে আবাসন প্রকল্প গড়ে তোলার বিষয়ে প্রশ্ন করা হলে ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতায় যারা থাকেন এবং এসব অপরাধ নিয়ন্ত্রণের কর্তৃত্ব যাদের হাতে, তারা যে নিয়ন্ত্রণ করতে পারেন না তা নয়; বরং তারা নিয়ন্ত্রণ করতে চান না।
এর পেছনে রাজনৈতিক, আমলাতান্ত্রিক ও ব্যবসায়ী শক্তির একাংশের ত্রিমুখী আঁতাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ইফতেখারুজ্জামান বলেন, ভূমি দখল এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের পেছনে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক শক্তির একাংশের সমর্থন রয়েছে। বাংলাদেশ একটি ভূমি দখলের দেশে রূপান্তরিত হচ্ছে।
আবাসন খাতে নৈতিক আচরণবিধি না থাকার বিষয়টি তুলে ধরে তিনি এ ধরনের একটি আচরণবিধি প্রণয়ন এবং তা বাস্তবায়নে নিরপেক্ষ কর্তৃপক্ষ গঠনের ওপর জোর দেন। পাশাপাশি রাজউক, রিহ্যাব, সিটি করপোরেশন, জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও ভূমি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে সমন্বয় ও তদারকি কাঠামো এবং অভিযোগ নিষ্পত্তি বোর্ড গঠনের পক্ষে মত দেন তিনি।
সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন টিআইবির সাবেক রিসার্চ ফেলো ড. অতনু দাস।
এ সময় উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী ব্যবস্থাপনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সিনিয়র রিসার্চ ফেলো শাহজাদা এম আকরাম।
সময়ের আলো/প্রিন্ট/এসকে