
হাতিয়ায় ইউসুফ রেজা। ছবি : সময়ের আলো
হাতিয়ায় ইউসুফ রেজা। ছবি : সময়ের আলোজুলাই গণ-অভ্যুত্থানে জনতার রোষের মুখে দেশ ছেড়ে দিল্লিতে আশ্রয় নেওয়া ব্যক্তিরা এখন সেখান থেকে উঁকি-ঝুঁকি দিচ্ছেন এবং চোখ রাঙাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় যুবশক্তির হাতিয়া উপজেলা আহ্বায়ক ইউসুফ রেজা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নোয়াখারীর হাতিয়া উপজেলা সদরে ‘গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার দ্রুত বিচার এবং সারা দেশে নৈরাজ্যের প্রতিবাদে’ আয়োজিত গণবিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউসুফ রেজা বলেন, জুলাইয়ের জনতা এসব হুমকিতে ভয় পায় না। গোপালগঞ্জে অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে ফেরার যে চেষ্টা করা হচ্ছে, তা তাদের জন্য আরও বিপর্যয় ডেকে আনবে। তাদের ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই।
সরকারের উদ্দেশে তিনি বলেন, হাজারো মানুষকে পঙ্গু করে দেওয়া এবং হাজারো শহিদের রক্তের বিনিময়ে দেশে জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। এর মধ্য দিয়ে দেশে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা গলা টিপে হত্যা করা যাবে না। অবিলম্বে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি আরও বলেন, যারা শান্ত হাতিয়াকে অশান্ত করার চেষ্টা করছেন, তাদের নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারা উচিত হবে না। হাতিয়া শান্ত আছে, শান্ত থাকতে দিন। শান্ত হাতিয়াকে অশান্ত করা হলে একদিকে বিএনপি, অন্যদিকে জামায়াত ও এনসিপি মাঠে নামবে। তখন পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা সদরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌরসভার ফরাজী মার্কেট থেকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক ইউসুফ রেজার নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওছখালী জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির উপদেষ্টা সদস্য ওলি উদ্দীন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. বাকী বিল্যাহ, যুগ্ম আহ্বায়ক সাহেদ উদ্দিন, উপজেলা যুবশক্তির সদস্যসচিব ছাইফুল ইসলাম রাকিব, শ্রমিক শক্তির আহ্বায়ক মো. আবীর হোসেন ও সদস্যসচিব মো. সোহেল উদ্দিন, ছাত্র শক্তির আহ্বায়ক মো. নীরব উদ্দিন, সদস্যসচিব আশিক এলাহীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সময়ের আলো/জোই