
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবিকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিশ্বে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিযোগিতা যখন তীব্র হচ্ছে, তখন এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইসরায়েল। আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দেশটিতে দ্রুত নির্মাণ করা হচ্ছে একের পর এক বিশাল ডেটা সেন্টার। লক্ষ্য, ইসরায়েলকে বিশ্বের অন্যতম প্রধান এআই কেন্দ্রে পরিণত করা।
গত জুনে জাতীয় পর্যায়ে ব্যাপক এআই উন্নয়ন পরিকল্পনা ঘোষণার সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা ইসরায়েলকে একটি বৈশ্বিক এআই পরাশক্তিতে রূপান্তর করব।’ পরে সেপ্টেম্বরে স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঁচ বছরের উচ্চাভিলাষী লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘পাঁচ বছরের মধ্যেই আমরা হব বিশ্বের তৃতীয় এআই পরাশক্তি।’
বিশ্লেষকদের মতে, ডেটা সেন্টার নির্মাণের মাধ্যমে উচ্চগতির তথ্য প্রক্রিয়াকরণ সক্ষমতা বাড়ানোর বড় উদ্যোগ নিয়েছে ইসরায়েল। এর প্রভাব শুধু প্রযুক্তি খাতেই সীমাবদ্ধ থাকবে না; সামরিক সক্ষমতা ও ভূরাজনৈতিক প্রভাব বিস্তারেও দেশটি বাড়তি সুবিধা পেতে পারে।
এআই প্রযুক্তিতে ইসরায়েলের অবস্থান অবশ্য আগে থেকেই শক্তিশালী। ২০২০ সালের এপ্রিলে দেশটির কম্পিউটার নেটওয়ার্কিং প্রতিষ্ঠান মেলানক্স প্রায় ৭ বিলিয়ন ডলারে অধিগ্রহণ করে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া। এই অধিগ্রহণ পরবর্তী সময়ে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠান হিসেবে এনভিডিয়ার উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মেলানক্সকে কেন্দ্র করে গড়ে ওঠা এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে ২১ বিলিয়ন ডলার আয় করেছে। যা প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় ১৮ শতাংশ। বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কার্যক্রম পরিচালিত হচ্ছে ইসরায়েলে। গত তিন বছরে দেশটিতে কর্মীর সংখ্যা দ্বিগুণ করে সাতটি কেন্দ্রে প্রায় ৬ হাজার কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ছাড়া হাইফার কাছে কিরিয়াত তিভনে ১০ হাজার কর্মীর কর্মসংস্থানের উপযোগী একটি বিশাল গবেষণা ও উন্নয়ন ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে এনভিডিয়ার।
নির্মাণ হচ্ছে বিশাল ডেটা সেন্টার
ইসরায়েলের এআই অবকাঠামো সম্প্রসারণের অন্যতম বড় প্রকল্প ‘ওফেক ডেটা সেন্টার’। আসদোদ বন্দরের উত্তরে নির্মাণাধীন এ প্রকল্পটি ২০২৯ সালের দ্বিতীয়ার্ধে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এতে অর্থায়ন করছে মার্কিন অবকাঠামো প্রতিষ্ঠান সার্ভারফার্ম এবং ইসরায়েল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড।
প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে দেড় বিলিয়ন ডলার। পরবর্তী সময়ে এর সম্প্রসারণে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। সমুদ্রতলের ফাইবার-অপটিক কেবলের মাধ্যমে সরাসরি ইউরোপের বাজারের সঙ্গে যুক্ত হবে এই ডেটা সেন্টার। শুরুতে ১৩০ মেগাওয়াট এবং পরবর্তী সময়ে ২০০ মেগাওয়াট সক্ষমতায় এটি পরিচালিত হবে।
বর্তমানে ইসরায়েলে ৬৭টি ডেটা সেন্টার রয়েছে। তবে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নতুন ডেটা সেন্টারের সক্ষমতা সর্বোচ্চ ২০০ মেগাওয়াটে সীমাবদ্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে নতুন প্রকল্প বাস্তবায়নে কিছু জটিলতা তৈরি হয়েছে।
ডেটা সেন্টার পরিচালনার অন্যতম বড় চ্যালেঞ্জ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। লন্ডনভিত্তিক এআই গবেষক রাজীব দালাল আলজাজিরাকে বলেন, ‘অনুমতি দেওয়া সহজ প্রশাসনিক সিদ্ধান্ত হলেও কেন্দ্রগুলো চালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ নিশ্চিত করা বড় শাসনতান্ত্রিক পরীক্ষা। সুপারপাওয়ার হতে হলে গিগাওয়াট স্তরের নির্ভরযোগ্য বিদ্যুৎ এবং নিরবচ্ছিন্ন চিপ সরবরাহ নিশ্চিত করতে হবে।’
বিদ্যুৎ চাহিদা মেটাতে গ্যাস ও পারমাণবিক শক্তির পরিকল্পনা
ডেটা সেন্টারগুলোর বিপুল বিদ্যুৎ চাহিদা মেটাতে পারমাণবিক শক্তির বিকাশে গুরুত্ব দিচ্ছে ইসরায়েল। দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন এ বিষয়ে জোর দিয়েছেন। পাশাপাশি ভূমধ্যসাগরের বিতর্কিত জলসীমার কাছে অবস্থিত তামার, লেভিয়াথান ও কারিশ গ্যাসক্ষেত্র এবং ২০২৭ সালে উৎপাদনে আসার কথা থাকা কাতলান ক্ষেত্রের গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ওফেক ডেটা সেন্টারের কাছেই আসদোদ বন্দরে ৮৫০ মেগাওয়াট সক্ষমতার একটি বিশেষ গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বার্কম্যান ক্লেইন সেন্টারের গবেষক মার্ক এস্পোসিতোর মতে, জাতীয় পর্যায়ে এআই সক্ষমতা বাড়াতে নিজস্ব ডেটা সেন্টার নির্মাণ কেবল বাণিজ্যিক লাভের বিষয় নয়। বরং ভবিষ্যতের শিল্পবিপ্লবের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার কৌশল। তাঁর ভাষায়, ‘এগুলো হলো এআই ক্ষমতার ভৌগোলিক নোঙর।’
জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গত ফেব্রুয়ারিতে এআই ডেটা সেন্টারগুলোকে ‘জাতীয় অবকাঠামো’ হিসেবে ঘোষণা করেন নেতানিয়াহু। একই সঙ্গে এগুলো নির্মাণের ক্ষেত্রে বিদ্যমান বিধিনিষেধও তুলে নেন তিনি। নেতানিয়াহু বলেন, ‘আমরা একটি ছোট এবং হুমকির মুখে থাকা দেশ হওয়ায় বিশ্বমঞ্চে এই বিপুল ক্ষমতার সুবিধা আমাদের অর্জন করতেই হবে।’
ইসরায়েলের জাতীয় এআই অধিদপ্তরের প্রধান এরেজ আসকাল বলেন, ‘আগামী কয়েক বছরেই স্পষ্ট হয়ে যাবে কারা এআই যুগের নেতৃত্বে থাকবে আর কারা অন্যদের প্রযুক্তির ওপর নির্ভর করতে বাধ্য হবে।’
বিশেষজ্ঞদের মতে, নিজস্ব ডেটা সেন্টার থাকলে এআই মডেলের মাধ্যমে দ্রুত ও স্থিতিশীলভাবে ফলাফল তৈরির সক্ষমতা বাড়ে। প্রযুক্তির ভাষায় একে ইনফারেন্সিং বলা হয়। এতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের পাশাপাশি সামরিক বাহিনীও বড় ধরনের সুবিধা পেতে পারে।
ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্যেষ্ঠ গবেষক মার্ক মুরো বলেন, ‘স্থিতিশীল স্থানীয় ইনফারেন্সিং ভবিষ্যতে ব্যবসা ও সামরিক ক্ষেত্রে বড় সুবিধা দেবে।’ উল্লেখ্য, গাজা ও পশ্চিম তীরে সামরিক অভিযানের সময় ইসরায়েল ইতিমধ্যে অস্ত্র ও সামরিক কার্যক্রমে ব্যাপকভাবে এআই প্রযুক্তি ব্যবহার করেছে।
ডেটা সেন্টার প্রতিযোগিতায় পিছিয়ে ইউরোপ
ইসরায়েল যখন দ্রুত ডেটা সেন্টার অবকাঠামো গড়ে তুলছে, তখন বিদ্যুৎ ঘাটতি ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে এ ক্ষেত্রে পিছিয়ে রয়েছে ইউরোপ। বিশ্বের মোট ডেটা সেন্টারের প্রায় ৫১ শতাংশ যুক্তরাষ্ট্রে অবস্থিত। নিজস্ব ডেটা সেন্টার অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে ইউরোপকেও ক্রমাগত বিদেশি প্রযুক্তি ও সেবাদাতাদের ওপর নির্ভর করতে হচ্ছে।
ইউরোপের নিজস্ব সার্ভারে তথ্য সংরক্ষণ করতে গেলে ব্যয় ৩০ শতাংশের বেশি বেড়ে যায়। তবে সামরিক ও গোয়েন্দা তথ্যের গোপনীয়তা রক্ষায় বিদেশি ক্লাউড সেবার ওপর নির্ভরশীলতা ইউরোপের প্রযুক্তিগত সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি তৈরি করছে।
ব্রাসেলসভিত্তিক থিংকট্যাংক ব্রুগেলের গবেষক বার্টিন মার্টেনস বলেন, ‘রাজনৈতিক ও নিরাপত্তা-সংবেদনশীল কাজের জন্য আপনি নিশ্চয়ই চাইবেন না কোনো বিদেশি শক্তি আপনার যোগাযোগ ও তথ্যের ওপর নজরদারি করুক।’
ফ্রান্সের কোট ডি’আজুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিমোন ভানুচ্চিনিও সতর্ক করেছেন। তার মতে, এআই ও কম্পিউটিং সক্ষমতার জন্য ইসরায়েল বা অন্য কোনো দেশের ওপর নির্ভরশীলতা ইউরোপের কূটনীতিতে নতুন ঝুঁকি তৈরি করবে। কারণ, যে দেশের হাতে এ প্রযুক্তির নিয়ন্ত্রণ থাকবে, ভবিষ্যতে সেই দেশের নীতি বা কর্মকাণ্ডের সমালোচনা করাও ইউরোপের জন্য কঠিন হয়ে উঠতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ