প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম

আবারও সরাসরি রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী। সংগৃহীত ছবি
আবারও সরাসরি রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী। সংগৃহীত ছবি আবারও সরাসরি রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি আরব ও ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বাহিনী। একে অপরের রাজধানী লক্ষ্য করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনায় পুরো অঞ্চলে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। শনি ও রোববার সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এর জবাবে হুতি যোদ্ধারা সৌদি রাজধানী রিয়াদ ও দেশটির তেল স্থাপনা লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি ও আলজাজিরার সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে পাল্টাপাল্টি এসব হামলার চিত্র।
হুতি নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ‘সাবা’ ও টেলিভিশন চ্যানেল ‘আল-মাসিরাহ’ জানিয়েছে, সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের রাজধানী সানার আল-তাহরির জেলার বীর আবু শামলা আবাসিক এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে অন্তত আটটি বাড়ি ও তিনটি দোকান সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং ১৩ থেকে ১৪ জন বেসামরিক নাগরিক গুরুতর আহত হয়েছেন।
হুতি সামরিক মুখপাত্রের দাবি, গত ২৪ ঘণ্টায় সৌদি বাহিনী সানা, তায়েজ, সাদা ও হাজ্জাহসহ ছয়টি প্রদেশে মোট ৮৬টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি জোটের দাবি, তারা সানার মাউন্ট আইবান এলাকায় হুতিদের অস্ত্রের গুদাম ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করেছে।
সৌদি হামলার জবাবে হুতি যোদ্ধারা দেশটির রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে রিয়াদের আকাশসীমায় ধেয়ে আসা একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। এ ছাড়া জাজান ও পূর্বাঞ্চলীয় প্রদেশের দিকে ছোড়া আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
শনিবার রাত আড়াইটার দিকে রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নাগরিকদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে পুরো শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে ইতিমধ্যে ইন্ডিগো, ইতিহাদ ও আকাসা এয়ারের মতো আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো রিয়াদ রুটে ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির পর দীর্ঘ কয়েক বছর সীমান্ত পরিস্থিতি অনেকটা শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাইয়ে সেই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে উভয় পক্ষের সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে গত কয়েক সপ্তাহে হুতিরা সৌদি আরবের রাস তানুরা ও জাজান তেল শোধনাগার এবং রিয়াদের কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের আকাশচুম্বী ভবনে ড্রোন হামলা চালিয়েছে। এতে সৌদি অর্থনীতি ও নিরাপত্তা চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, গাজা ও ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে সৌদি-হুতি নতুন এই সংঘাত মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজার ও বৈশ্বিক নৌ-বাণিজ্যকে আরও বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।
সময়ের আলো/ইউএমএইচ