স্টারলিংক ব্যবহার করে নির্ভুল হামলা চালায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রচলিত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে মার্কিন

2026-11-29T22:44:37+00:00
2026-11-29T22:44:37+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
স্টারলিংক ব্যবহার করে নির্ভুল হামলা চালায় ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১০:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রচলিত যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিকল্প হিসেবে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করে মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলা চালায় তেহরান। ইরানের এই সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিনগুলোতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ছিল অত্যন্ত দ্রুত ও ভয়াবহ। মার্কিন-ইসরায়েলি হামলায় নিজেদের যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরান ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালিত স্টারলিংক ব্যবহার করে এসব অভিযান পরিচালনা করে।

ওয়াশিংটন পোস্টকে কোম্পানির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ব্যক্তি জানিয়েছেন, ইরান অননুমোদিতভাবে স্টারলিংক ব্যবহার করছে জানতে পেরে ক্ষুব্ধ হয়েছিলেন ইলন মাস্ক।

স্টারলিংক বিশ্বের বৃহত্তম স্যাটেলাইট নেটওয়ার্ক। ছোট রিসিভারের মাধ্যমে দুর্গম এলাকাতেও উচ্চগতির ইন্টারনেট সরবরাহ করে এ সেবা। ইরানে স্টারলিংক ব্যবহারের কোনো অনুমোদন না থাকলেও দেশটিতে এর সংযোগ সক্রিয় রয়েছে।

ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানী প্রতিবেদনটি তৈরি করা হয়েছে সংশ্লিষ্ট চার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে। মাস্ক কিংবা সংশ্লিষ্ট সংস্থাগুলোর বিরাগভাজন হওয়ার আশঙ্কায় তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করতে চাননি। প্রতিবেদনটি আধুনিক যুদ্ধক্ষেত্রে স্টারলিংকের ক্রমবর্ধমান সামরিক গুরুত্বও তুলে ধরেছে।

শুধু ইরান নয়, মার্কিন সামরিক বাহিনীও নিজেদের অভিযানে এই প্রযুক্তি ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একটি সূত্রের দাবি, মার্কিন বাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করলেও খরচ কমাতে স্থল অভিযানের জন্য তৈরি তুলনামূলক সস্তা প্যাকেজের মাধ্যমে একমুখী বা সুইসাইড ড্রোন পরিচালনা করছিল।

এ ছাড়া মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো একটি গোপন প্রতিবেদনেও ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি উঠে এসেছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) তৈরি ওই প্রতিবেদনের বরাত দিয়ে একজন জানান, যুক্তরাষ্ট্র যখন ইরানের প্রচলিত যোগাযোগব্যবস্থা অচল করার চেষ্টা করছিল, তখন বিকল্প যোগাযোগমাধ্যম হিসেবে স্টারলিংক বেছে নেয় তেহরান। তবে আলজাজিরা স্বাধীনভাবে এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি।

কুয়েতে প্রাণঘাতী হামলাতেও স্টারলিংকের ব্যবহার?

ইরান কোথায় এবং কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করেছে, তা নিয়েও কিছু তথ্য পাওয়া গেছে। গত ১ মার্চ, যুদ্ধ শুরুর ঠিক পরদিন কুয়েতের শুয়াইবা বন্দরে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত হানে ইরানের একটি একমুখী ড্রোন। ওই হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হন। যুদ্ধ শুরুর পর মার্কিন বাহিনীর ওপর এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।

কুয়েতের ওই হামলাসহ অন্যান্য অভিযানে ইরান স্টারলিংক ব্যবহার করেছিল কি না, তা জানতে ওয়াশিংটন পোস্ট মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান তদারককারী সংস্থা সেন্টকমের সঙ্গে যোগাযোগ করে। তবে সংস্থাটি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, ওই হামলার তদন্ত শেষ হয়েছে। তবে তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

অন্যদিকে, পেন্টাগনের মুখপাত্র কিংসলে উইলসন ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, প্রতিরক্ষা দপ্তরের জনসংযোগ বিভাগ প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো সেন্টকমের এমন কোনো প্রতিবেদন সম্পর্কে অবগত নয়। ইরান সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহার করছে কি না, সে বিষয়েও মন্তব্য করতে রাজি হননি তিনি। এখন পর্যন্ত ইরান কিংবা স্পেসএক্স— কোনো পক্ষই এ প্রতিবেদন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।


ইরানে স্টারলিংক পাচার করেছিল যুক্তরাষ্ট্র

বিশ্বের ১৬০টির বেশি দেশে অনুমোদিত ও যাচাইকৃত পরিবেশকদের মাধ্যমে স্টারলিংকের ইন্টারনেট সেবা পাওয়া যায়। তবে ইরানে এই প্রযুক্তির প্রবেশের পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার তথ্যও উঠে এসেছে।

গত জানুয়ারিতে ইরানজুড়ে বিক্ষোভের সময় দেশটির সরকার ইন্টারনেট বন্ধ করে দেয়। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, ওই সময় মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাচার করেছিল।

পরবর্তী সময়ে গত মাসে স্টারলিংকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে ইরান সরকার। দেশটিতে এ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার ও টার্মিনাল বিতরণের শাস্তি হিসেবে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখা হয়।

ওয়াশিংটন পোস্টের তথ্যমতে, ইরানের সামরিক অভিযানে স্টারলিংক ব্যবহারের ঘটনা সামনে আসার কয়েক সপ্তাহ পর নিজেদের বিক্রয় নেটওয়ার্কে কড়াকড়ি বাড়ায় ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। নতুন নিয়ম অনুযায়ী, স্টারলিংক টার্মিনাল কেনা ও সংযোগ চালুর ক্ষেত্রে গ্রাহকের পরিচয় নিশ্চিত করা পরিবেশকদের জন্য বাধ্যতামূলক করা হয়।

তবে স্টারলিংক সেবার সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির মতে, একবার টার্মিনাল সাধারণ মানুষের হাতে পৌঁছে গেলে সেগুলো শত্রুপক্ষের হাতে পড়া কিংবা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহারের ঝুঁকি পুরোপুরি বন্ধ করা কোম্পানির পক্ষে প্রায় অসম্ভব।

যুদ্ধক্ষেত্রে স্টারলিংকের ব্যবহার নতুন নয়

যুদ্ধক্ষেত্রে স্টারলিংক প্রযুক্তির সামরিক ব্যবহার অবশ্য এবারই প্রথম নয়। ইউক্রেনের এক সাবেক কর্মকর্তা জানিয়েছেন, রুশ ড্রোনের ডানায় স্টারলিংক টার্মিনাল বসানো থাকার ভিডিও ফুটেজ পাওয়ার পর কিয়েভ ইলন মাস্কের কাছে এ ধরনের ব্যবহার বন্ধের অনুরোধ জানিয়েছিল।

এ ছাড়া সুদানের গৃহযুদ্ধেও স্টারলিংক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলে বেসামরিক যোগাযোগের জন্য তৈরি এ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা ক্রমেই বিভিন্ন সংঘাত ও সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ প্রযুক্তি হয়ে উঠছে। 

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   স্টারলিংক  হামলা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: