সহজে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প : দ্য ইকোনমিস্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে ক্ষমতা ছাড়ার আগে তিনি নীরবে নিজেকে গুটিয়ে নেবেন না।

2026-11-29T23:02:48+00:00
2026-11-29T23:28:50+00:00
 
  রবিবার, ২৯ নভেম্বর ২০২৬,
১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সহজে ক্ষমতা ছাড়বেন না ট্রাম্প : দ্য ইকোনমিস্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ১১:০২ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ১১:২৮ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে। তবে ক্ষমতা ছাড়ার আগে তিনি নীরবে নিজেকে গুটিয়ে নেবেন না। বরং শেষ সময় পর্যন্ত নানা বিতর্কিত ও বড় ধরনের পদক্ষেপের মাধ্যমে আলোচনায় থাকবেন। 

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের ‘দ্য ওয়ার্ল্ড অ্যাহেড ২০২৭’ শীর্ষক বিশেষ সংখ্যায় প্রকাশিত ‘দ্য ট্রাম্প সাগাস ফাইনাল চ্যাপ্টার’ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৭ সাল থেকে ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা কীভাবে শুরু হবে এবং বিশ্বজুড়ে ‘ট্রাম্প-পরবর্তী’ যুগ নিয়ে কীভাবে কৌতূহল তৈরি হবে, তা-ও বিশ্লেষণ করা হয়েছে এতে।

ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, সামনের দিনগুলোতে ট্রাম্প দুর্বল বা অকার্যকর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন না। বরং তিনি অনেকটা ধ্বংসাত্মক ‘অ্যাংরি বার্ড’-এর মতো ভূমিকা নিতে পারেন। ২০২৬ সালের নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট—উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ায় মেয়াদের শেষ দুই বছর ট্রাম্পকে বিভক্ত সরকারের মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে পিছু না হটে নির্বাহী আদেশ, আইনি লড়াই এবং চোখধাঁধানো বড় বড় নির্মাণ প্রকল্পের ওপর আরও বেশি নির্ভর করতে পারেন তিনি।

হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে বাজেট নিয়ে দরকষাকষির প্রভাব সরাসরি পড়তে পারে মার্কিন শহরগুলোতে। পরিবহন, আবাসন ও দুর্যোগ মোকাবিলায় ফেডারেল তহবিলের ওপর নির্ভরশীল শহরগুলোর বাজেট এবং অবকাঠামো পরিকল্পনা রাজনৈতিক টানাপোড়েনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব স্পষ্ট হচ্ছে। ইরান যুদ্ধের অভিঘাতে মধ্যপ্রাচ্যের জোট রাজনীতিতে পরিবর্তন আসছে, জ্বালানি প্রবাহে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। একই সঙ্গে হুমকির মুখে পড়ছে সার ও খাদ্যনিরাপত্তা।


নভেম্বরের মাঝামাঝি এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ক্ষমতা ছাড়ার আগে তিনি কিউবার বিষয়টি মিটিয়ে ফেলতে চান। পলিটিকোর প্রতিবেদনের বরাতে জানা যায়, কিউবা নিয়ে সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আগ্রহ ও ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। এর আগেই কিউবার ওপর জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞার মতো চাপ প্রয়োগের পদক্ষেপ নেওয়া হয়।

অন্যদিকে ইরান ও উপসাগরীয় অঞ্চলের উত্তেজনা এবং সামরিক পদক্ষেপ নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যম ও বিশ্লেষণে আলোচনা চলছে। মেয়াদ শেষ হওয়ার আগে ট্রাম্প কী ধরনের সিদ্ধান্ত বা নীতিগত পদক্ষেপ নিতে পারেন, তা নিয়েও রাজনৈতিক মহলে রয়েছে নানা জল্পনা।

সাময়িকীটির বিশ্লেষণে বলা হয়েছে, এই যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্রদের আস্থা যেমন টলেছে, তেমনি শত্রুদের মনেও আগের মতো ভয় কাজ করছে না। সব মিলিয়ে অস্থির ও অনিশ্চিত বৈশ্বিক পরিস্থিতির মধ্যেই এগিয়ে চলেছে ট্রাম্পের শাসনামলের শেষ অধ্যায়। আর বিশ্ব তাকিয়ে আছে, ট্রাম্প-পরবর্তী আমেরিকার রূপ কেমন হবে, সেই প্রশ্নের দিকে।


সময়ের আলো/প্রিন্ট/ইউএমএইচ 
  বিষয়:   ক্ষমতা  ট্রাম্প  সময়ের আলো  দ্য ইকোনমিস্ট 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: