বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ১৫৯ রানের মাঝারি টার্গেট দিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। দলের হয়ে দারুণ এক ফিফটি হাঁকিয়েছেন সাহিবজাদা ফারহান। এছাড়া উজ্জ্বল ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপরও ১৫৯ রানের বেশি করতে পারেনি শান্তর দল। লক্ষ্য তাড়ায় সতর্ক শুরু করেছে রংপুর। ৩ ওভারে বিনা উইকেটে ২২ রান তুলেছে সোহানের দল।
এর আগে টস জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ে পাঠায় রংপুর রাইডার্স। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। ৬ বলে ২ রান করে দলের ১২ রানের মাথাতে বিদায় নেন তানজিদ হাসান তামিম। এরপর নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে এগিয়েছেন সাহিবজাদা ফারহান। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন দুজন। বের করেছেন বাউন্ডারি।
পাওয়ারপ্লের ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫০ রান তোলে রাজশাহী। পাওয়ারপ্লে শেষেও চলেছে শান্ত এবং ফারহানের তাণ্ডব। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে দলের ইনিংস। ধুমধাড়াক্কা ব্যাটিং চালিয়েছেন শান্ত-ফারহান। তবে দলের ১০৫ রানের মাথাতে ভূতুড়ে এক রান আউটে বিদায় নেন শান্ত। ৩০ বলে ৪১ রান করেছেন দলীয় অধিনায়ক।
শান্তর আউটে যেন শনি লাগে রাজশাহীর ইনিংসে। সেখান থেকেই নামে ধস। চারে নেমে ১০ বলে ৯ রান করেছেন মুশফিকুর রহিম। পাঁচে নামা মোহাম্মদ নওয়াজ ১১ বলে ১০ রান করেন। এরপর টপাটপ উইকেট হারিয়েছে রাজশাহী। ক্রিজে এসে টিকতেই পারছিলেন না কেউ।
১০৫ থেকে ১৪৩, মাত্র ৩৮ রানের মধ্যে ৬ উইকেট হারিয়েছে রাজশাহী। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রানের সংগ্রহ দাঁড় করায় রাজশাহী ওয়ারিয়র্স। ফারহান, শান্ত এবং নাওয়াজ বাদে কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোটা।
সময়ের আলো/এআর