সীতাকুণ্ড কুমিরা শিপব্রেকিং ইয়ার্ডে ডাকাতের হামলায় দুই গার্ডের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক গার্ডের হাত-মাথা পাওয়া গেলেও শরীরের অংশ পাওয়া যায়নি।
রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কুমিরা ঘাটঘর এলাকায় কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে।
নিহত গার্ডরা হলেন, মো. খালেদ প্রমাণিক ও মো. সাইফুল্লাহ। দুজনের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর সদর থানা আব্দুল্লাহপুর এলাকায়।
সীতাকুণ্ড মডেল থানা ও শিল্পপুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ সময়ের আলোকে বলেন, ডাকাতের হামলায় দায়িত্বরত দুই গার্ড নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে তাদেরকে ধারালো কিছু দিয়ে আঘাত করে শরীর ছিন্ন-ভিন্ন করা হয়েছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে।
কে আর শিপ ব্রেকিং ইয়ার্ডের ম্যানেজার আবু সাজ্জাদ মুন্না সময়ের আলোকে বলেন, রোববার দুপুরে একটি নতুন স্ক্যাপ জাহাজ কাটিংয়ের জন্য ইয়ার্ডে আনা হয়েছিল। রাতে জাহাজে ডাকাতি করতে আসে ডাকাতরা। বোটে দায়িত্বরত দুই গার্ড প্রতিরোধে এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালিয়ে হত্যা করা হয়।
সময়ের আলো/এআর