পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলায় পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন এক ইনস্পেক্টর, এক অতিরিক্ত উপ-পরিদর্শক, গাড়ির চালক এবং পুলিশের এলিট ফোর্সের তিন সদস্য। সোমবার (১২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
পুলিশ মুখপাত্র ইউনুস খান জানিয়েছেন, গোমাল–জুত্তা সড়কের কোট ওয়ালি খালের কাছে বিস্ফোরণে সাঁজোয়া গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। জেলা পুলিশ কর্মকর্তা ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালাচ্ছেন এবং পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন।
প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ঘটনার জন্য শোক প্রকাশ করেছেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি পুলিশ সদস্যদের আত্মত্যাগের প্রশংসা করে বলেছেন, শান্তিবিরোধীরা পুলিশকে লক্ষ্য করে তাদের মন্দ পরিকল্পনায় সফল হবে না।
এখনও কেউ দায় স্বীকার না করলেও, টিটিপি অতীতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার সঙ্গে যুক্ত হয়ে এসেছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগানিস্তানের কিছু এলাকায় এই জঙ্গি গোষ্ঠী নিরাপদ আশ্রয় পাচ্ছে।
সময়ের আলো/এমএইচজে/এসকে/