তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের চলমান প্রযুক্তিগত মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার জন্য চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চীনা রাষ্ট্রদূত জানান, তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের প্রধান উপদেষ্টার কার্যালয়ে রোববার (১৮ জানুয়ারি) চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সময়ে চীনা রাষ্ট্রদূত এমন তথ্য জানান।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করে, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও উন্নয়ন সহযোগিতা পুনর্ব্যক্ত করে।
বৈঠকের আলোচনায় তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এবং প্রস্তাবিত বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল গুরুত্ব পেয়েছে। এই প্রেক্ষাপটে, চীনা রাষ্ট্রদূত জানান যে তিনি তিস্তা প্রকল্প এলাকা পরিদর্শন করবেন এবং এই প্রকল্পের চলমান প্রযুক্তিগত মূল্যায়ন দ্রুত সম্পন্ন করার জন্য রাষ্ট্রদূত চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণের জন্য চীন সরকারের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন জাতীয় নির্বাচন ইস্যূতে সাফল্য কামনা করেন।
বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সময়ের আলো/এসকে/