যমজ সন্তানের বাবা হয়েছেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ। একসঙ্গে একটি কন্যা ও একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী উপাসনা কোনিদেলা। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন রাম চরণ নিজেই।
নিজের পোস্টে রাম চরণ লেখেন, যমজ কন্যা ও পুত্রসন্তানের জন্ম তাদের জীবনে এনে দিয়েছে এক অনন্য পূর্ণতা। দুই কন্যা ও এক পুত্রসন্তান নিয়ে তাদের পরিবার আজ পরিপূর্ণ। তিনি আরও বলেন, তাদের জীবনের নারীরাই সবসময় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে থেকেছেন।
আরও পড়ুন
এদিকে রাম চরণের বাবা অভিনেতা চিরঞ্জীবীও সামাজিকমাধ্যমে আনন্দ প্রকাশ করেন। তিনি লিখেছেন, অসীম আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি- রাম চরণ ও উপাসনা যমজ সন্তানের আশীর্বাদ পেয়েছেন। একটি কন্যা ও একটি পুত্রসন্তান। মা ও দুই নবজাতকই সুস্থ আছেন। পরিবারের এই নতুন সদস্যদের স্বাগত জানানো তাদের জন্য দাদা-দাদির জীবনের পরম আনন্দ ও ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ। পাশাপাশি তিনি সবার ভালোবাসা, দোয়া ও শুভকামনার জন্য আন্তরিক কৃতজ্ঞতাও জানান।
এর আগে, ২০২৩ সালে রাম চরণ এক কন্যাসন্তানের বাবা হয়েছেন। দীর্ঘদিনের পরিচয়ের পর ২০১২ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন রাম চরণ ও উপাসনা কোনিদেলা।
এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে রাম চরণের নতুন সিনেমা ‘পেড্ডি’। বুচি বাবু সানা পরিচালিত এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন জাহ্নবি কাপুর।
এএডি/