মাদারীপুর ১ : পাঁচ প্রার্থীকে চেনেই না ভোটাররা

মেহেরাব হোসেন, শিবচর

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রার্থীদের উপস্থিতি ও প্রচারণা নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল ও প্রশ্ন বাড়ছে।

2026-02-06T19:28:14+00:00
2026-02-06T20:18:22+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুর ১ : পাঁচ প্রার্থীকে চেনেই না ভোটাররা
মেহেরাব হোসেন, শিবচর
প্রকাশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:২৮ পিএম  আপডেট: ০৬.০২.২০২৬ ৮:১৮ পিএম
শিবচরে প্রচারণার আড়ালে পাঁচ প্রার্থী। ছবি : সংগ্রহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেকে সামনে রেখে মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রার্থীদের উপস্থিতি ও প্রচারণা নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল ও প্রশ্ন বাড়ছে। প্রতীক বরাদ্দের প্রায় কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পাঁচজন সংসদ সদস্য প্রার্থীকে ভোটের মাঠে কিংবা সরাসরি গণসংযোগে দেখা যাচ্ছে না।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই আসনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট ১৪টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এর মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হলেও তিনি আপিল বিভাগের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় মনোনয়ন বৈধ করে নেন। পরে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পক্ষে একজন প্রার্থী নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। সর্বশেষ ২১ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।


মাদারীপুর-১ শিবচর আসনের ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০২টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৪১ জন, নারী ভোটার ১ লাখ ৫৫ হাজার ২৪৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২ জন।

ভোটারদের মন জয়ের লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী নাদিরা আক্তার (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী কামাল জামান (জাহাজ), সাজ্জাদ হোসেন সিদ্দিকী (ফুটবল), ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা হানজালা (রিকশা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা আকরাম হোসাইন (হাতপাখা)। কাকডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত তারা পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রচারণায় প্রার্থীদের সঙ্গে পরিবারের সদস্য, স্ত্রী, কন্যা ও নারী কর্মীদের অংশগ্রহণও লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন থেকে নতুন নতুন নেতাকর্মীর যোগদান প্রচারণায় বাড়তি গতি আনছে।

অন্যদিকে, এক সময় জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত শিবচরে জাতীয় পার্টির প্রার্থী মনোনয়ন জমা ও প্রতীক পাওয়ার পর থেকে এখন পর্যন্ত সরাসরি কোনো নির্বাচনী প্রচারণায় দেখা যায়নি। একইভাবে আনারস, ট্রাক, কাস্তে (কাঁচি) ও ‘লড়াই–সংগ্রাম করে ফিরে পাওয়া’ প্রতীক হরিণ নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রকৌশলী ইমরানসহ মোট পাঁচজন প্রার্থী মাঠে অনুপস্থিত রয়েছেন। যদিও তাদের নিজ নিজ ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে লিফলেট ও প্রচারণামূলক পোস্ট দেখা যাচ্ছে, তবে সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ না থাকায় সাধারণ মানুষের মধ্যে তাদের পরিচিতি তৈরি হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সব প্রার্থীরই নিজস্ব কিছু সমর্থক থাকলেও এবারের নির্বাচন মূলত ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দলের নেতাকর্মীদের দলবদল ও অভ্যন্তরীণ সমঝোতার গুঞ্জন সত্য হলে লড়াই একদিকে ঝুঁকে পড়ার সম্ভাবনাও রয়েছে।


এ বিষয়ে ভোটাররা বলেন, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। তবে অনেক সময় অর্থের কাছে নীতি পরাজিত হয়। আবার কেউ কেউ মনে করছেন, শিবচরে ধাপে ধাপে ত্যাগী নেতাকর্মীদের দিকেই নেতা, কর্মী ও সাধারণ ভোটারদের সমর্থন ঝুঁকবে।

এ দিকে ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে নিখোঁজ পাঁচ প্রার্থীর ভূমিকা। তারা আদৌ ভোট চাইতে মাঠে নামবেন কি না, ভোটকেন্দ্রে এজেন্ট দেবেন কি না—এ নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অনেক ভোটারই স্বীকার করছেন, তারা এসব প্রার্থীকে চেনেন না।

আগামী ১০ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিন। এর আগেই যদি ওই পাঁচ প্রার্থী অন্তত এক মঞ্চে এসে কোনো সভার মাধ্যমে শিবচরবাসীর সামনে নিজেদের পরিচয় ও বক্তব্য তুলে ধরতে পারেন, তবে ভোটারদের কৌতূহলের কিছুটা হলেও জবাব মিলতে পারে—এমন প্রত্যাশাই এখন সাধারণ মানুষের।

সময়ের আলো/জোআই/


  বিষয়:   জাতীয় সংসদ  নির্বাচন  মাদারীপুর  ভোটার  শিবচর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: