প্রকাশ: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:২৩ পিএম
সংগৃহীত ছবিনোয়াখালী-৩ আসনের জামায়াত ইসলামীর প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে অফিসের চেয়ার, টেবিল ও একটি অটোরিকশা পুড়ে যায়।
শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নের দীনেশগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নোয়াখালী-৩ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের নির্বাচনি প্রচারের জন্য দীনেশগঞ্জ বাজারে অফিস করা হয়। শনিবার ভোরে সেখানে আগুন জ্বলতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। আগুনে অফিসে থাকা একটি অটোরিকশা, চেয়ার ও টেবিল পুড়ে যায়।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি তার তত্ত্বাবধানে ছিল। অফিসে থাকা অটোরিকশাটির মালিকও তিনি। অগ্নিকাণ্ডের বিষয়টি সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার ফলাফল বলেও জানান তিনি।
বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/আআ