অভিবাসন আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে চলতি বছরের শুরু থেকেই দেশজুড়ে অভিযান জোরদার করেছে মালয়েশিয়া। মাত্র ৫০ দিনে -১ জানুয়ারি থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত- ৭ হাজার ৪৩ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ইমিগ্রেশন বিভাগের উপ-মহাপরিচালক (অভিযান) লোকমান এফেন্দি রামলি এক বিবৃতিতে জানান, নির্ধারিত সময়ের মধ্যে ১ হাজার ৮৫৫টি সমন্বিত অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে মোট ৩০ হাজার ১৭৭ জনের কাগজপত্র ও অবস্থান যাচাই করা হয়। এর মধ্যে আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩ জনকে আটক করা হয়েছে।
তার ভাষ্য, অভিবাসন আইন ও বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে ‘কোনো আপস নয়’ নীতিতে অভিযান চালানো হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন
আটকদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা হয়েছে-৪,৮০৪টি মামলা: ১৯৫৯/৬৩ সালের অভিবাসন আইনের ৬(১)(সি) ধারা- বৈধ পাস বা ভ্রমণ নথি ছাড়া অবস্থান
১,২৫০টি মামলা: ১৫(১)(সি) ধারা- অনুমোদিত সময়ের বেশি অবস্থান
৮০৬টি মামলা: ১৯৬৩ সালের অভিবাসন বিধিমালার ৩৯(বি)- পাসের শর্ত ভঙ্গ
১৮৩টি মামলা: অন্যান্য অপরাধ
আটকদের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ফিলিপাইন, থাইল্যান্ড, পাকিস্তান, ভারত ও চীনের নাগরিকরা। তবে দেশভিত্তিক সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা হয়নি।
ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের লক্ষ্যভিত্তিক অভিযান আরও জোরদার করা হবে। পাশাপাশি অবৈধ অবস্থান বা অভিবাসন আইন লঙ্ঘন সংক্রান্ত তথ্য কর্তৃপক্ষকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এএডি/