সারা বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনে সময় কাটলেও বিশেষ দিনগুলো নিয়ে ব্যস্ততা বেড়ে যায় তানজিম সাইয়ারা তটিনীর। উৎসব মানেই যেন তার সরব উপস্থিতি।
তারই ধারাবাহিকতায় আসছে ঈদের কাজ নিয়ে দিন-রাত পার করছেন অভিনেত্রী। এবারের ঈদে বেশ কিছু নাটকে দেখা যাবে তাকে। ইতিমধ্যে একাধিক গল্পে কাজ করেছেন তটিনী। সম্প্রতি এই অভিনেত্রী রোমান্টিক গল্পের একটি নাটকের শুটিং শেষ করেছেন। নাম ‘মন ফড়িং’।
এতে তটিনীর সঙ্গে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। সিএমভির ব্যানারে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। এর গল্প, চিত্রনাট্যও তার। নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাফাত বললেন, বরিশালের এক মফস্বল শহরের এনজিওকর্মী সুমন, একই এলাকার বড়লোক পিতার দুলালী অনার্স পড়ুয়া শিক্ষার্থী রেখা। রয়েছে আরও একটি দরকারি চরিত্র, নাম মিরাজ। মূলত মিরাজ ও রেখার মধ্যকার প্রেম দেখতে পারবে দর্শক। যদিও গল্পটা মূলত সুমনকে ঘিরেই।
নাটকটি প্রসঙ্গে তটিনী বলেন, ‘মন ফড়িং’ দারুণ একটি রোমান্টিক গল্প। খুব পরিচিত লাগবে, মনে হবে পাশেই ঘটে যাওয়া গল্প। আমার বিশ্বাস, দর্শকদের নাটকটি পছন্দ হবে। নাটকটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম প্রমুখ।
প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদ উৎসবের জন্য ২০টি বিশেষ নাটকের আয়োজন সাজাচ্ছেন তারা। যার মধ্যে অন্যতম ‘মন ফড়িং’। এটি ঈদ আয়োজনে উন্মুক্ত হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এর আগে ঈদের বিগ বাজের নাটক ‘প্রিয় নামে ডেকো’তে কাজ করেছেন তটিনী। এতেও তার নায়ক জোভান। নাটকটি পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। ঈদে নাটকটি প্রচারিত হবে সুলতান এন্টারটেইনমেন্টে ইউটিউব চ্যানেলে। এ ছাড়া ঈদের আরও কয়েকটি নাটকে অভিয়ন করেছেন তটিনী। এর মধ্যে ‘পাশে থাকার গল্প’, ‘ফিরে দেখা’ অন্যতম।
সময়ের আলো/এআর