হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে সবসময় ভিন্নতা থাকলেও ঈদের পর্বে মেলে বিশেষ চমক। তারই ধারাবাহিকতায় এবার ঈদের ইত্যাদিতে রয়েছে বাড়তি আকর্ষণ।
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে দেখা যাবে দর্শকপর্বে অতিথি হিসেবে। শুধু অতিথি হিসেবে উপস্থিতিই নয়, তিনি সরাসরি অভিনয় করেছেন দর্শকদের মধ্য থেকে নির্বাচিত চারজনের সঙ্গে।
ঈদের বিশেষ পর্বে দর্শক নির্বাচনও ছিল ভিন্নধর্মী। প্রশ্নোত্তরের বদলে একটি বিশেষ উপকরণের মাধ্যমে হাজারো দর্শকের মধ্য থেকে চারজনকে বাছাই করা হয়। সেই বাছাই প্রক্রিয়াই তৈরি করে অনন্য এক দৃশ্য। এরপর নির্বাচিত দর্শকদের নিয়ে শুরু হয় মূল অভিনয়-পর্ব।
এই অংশে তাৎক্ষণিক প্রস্তুতিতে মোশাররফ করিম অভিনয় করেন তিনটি ভিন্ন চরিত্রে, সঙ্গে ছিলেন দর্শকরা যারা কেউই পেশাদার অভিনেতা নন। তবু তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও অভিনেতার অভিনয় দক্ষতায় তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। উপস্থিত দর্শকরা করতালির মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
অভিনয়ের মধ্য দিয়ে উঠে আসে একটি অর্থবহ বার্তা, যা শুধু উপস্থিত দর্শকদের নয়, ঘরের দর্শকদেরও আনন্দ দেবে বলে আশা করা হচ্ছে। মোশাররফ করিমের অংশগ্রহণে দর্শক পর্ব ছাড়াও এবারের ইত্যাদিতে রয়েছে অন্যান্য নিয়মিত আয়োজন। নাট্যাংশ, গান, নানি-নাতির উপস্থাপনা, তথ্যবহুল প্রতিবেদন প্রভৃতি।
প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনায় রয়েছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এদিকে সম্প্রতি পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েছেন মোশাররফ করিম। ইতিমধ্যে সাগর জাহানের পরিচালনায় ‘সদা সত্য বলিবো’ ‘আদু ভাই, তাইফুর জাহান আশিকের ‘আমি বেশি গরিব’ নাটকের শুটিং শেষ করেছেন তিনি।
এক ডজন নাটক ছাড়াও ঈদে মুক্তি পাচ্ছে তার সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ ও ডোপের ব্যানারে নির্মিত এই সিনেমায় মোশাররফ করিমের সঙ্গে আছেন একাধিক তারকাশিল্পী। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছক্ষণ’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি।
সময়ের আলো/এআর