ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ভয়াবহ ড্রোন হামলা চালানো হয়েছে। হামলায় ইসরায়েলের সামরিক কার্যক্রম লণ্ডভণ্ড করে দেওয়ার দাবি করেছে ইরান।
তেহরানের ভাষ্যমতে, এই হামলার ফলে ইসরায়েলি যুদ্ধবিমানের উড্ডয়ন এবং জ্বালানি সরবরাহ (রিফুয়েলিং) প্রক্রিয়া মারাত্মকভাবে ক্ষতি হয়েছে।
শনিবার (২১ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ইরানের ড্রোনগুলো ইসরায়েলের বিমানবন্দরের ভেতরে থাকা সামরিক জ্বালানি ট্যাংক এবং রিফুয়েলিং জেটে সফলভাবে আঘাত হেনেছে। হামলার তীব্রতার কারণে ইসরায়েল তাদের বেশ কিছু সেনা সদস্যকে ওই এলাকা থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে বলেও দাবি করা হয়েছে।
জানা গেছে, তেল আবিব থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরটি ইসরায়েলি সামরিক বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে দেশটির বিমান বাহিনীর বিশেষ ইউনিটের ঘাঁটি রয়েছে এবং যুদ্ধবিমান মেরামতের প্রধান কেন্দ্রগুলোও এর পাশেই অবস্থিত।
ইরান বলছে, এই বিমানবন্দরটি ব্যবহার করেই তাদের ওপর আক্রমণ চালানো হচ্ছিল, তাই একে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইরানের ওপর থেকে হুমকি শেষ না হওয়া পর্যন্ত এই ধরনের শক্তিশালী হামলা অব্যাহত থাকবে।
এফআর