ঘোষিত সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, প্রতিরোধ অক্ষের সবার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর এক মাসের মাথায় প্রথমবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে এ সশস্ত্র গোষ্ঠী।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানে হামলা শুরু করার কয়েকদিনের মধ্যেই লেবাননের হিজবুল্লাহ তেহরানের সমর্থনে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। এর প্রতিক্রিয়ায় তেল আবিব প্রতিবেশী দেশটিতে নতুন স্থল অভিযানে নামে।
ইরানঘনিষ্ঠ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কূটনৈতিক-সামরিক নানা স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। এবার তাদের সঙ্গে হুতিরাও যুক্ত হল।
শনিবার দেওয়া বিবৃতিতে সশস্ত্র এ গোষ্ঠীটি বলেছে, লেবানন, ইরান, ইরাক ও ফিলিস্তিনে বেসামরিক হত্যা এবং নানান বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমাবর্ষণের প্রতিক্রিয়ায় তারা ইসরায়েলে এ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ঘোষিত সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত, প্রতিরোধ অক্ষের সবার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চলবে, বলেছে তারা।
এর আগে শনিবার সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইয়েমেন থেকে তাদের ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানায়।
ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ, ওই হুমকি প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, শনিবার টেলিগ্রামে এমনটাই বলে ইসরায়েলি সামরিক বাহিনী।
সময়ের আলো/এআর