গাইবান্ধার সাঘাটা উপজেলায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পেট্রোল মজুদ ও অনিয়মের মাধ্যমে তেল বিতরণের অভিযোগে এক ডিপো মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ পেট্রোল।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) উপজেলার হাট ভরতখালী এলাকায় পরিচালিত এক অভিযানে মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সের মালিক আবুল কালাম আজাদ অলককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাকে এক হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, লাইসেন্স ছাড়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুদ করে আসছিলেন ওই ব্যবসায়ী। এ ছাড়া ট্যাগ কর্মকর্তার উপস্থিতি ছাড়াই তেল বিক্রি করার অভিযোগও পাওয়া যায়। অভিযানের সময় ডিপো থেকে প্রায় ৫০০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী এসব অপরাধে তাকে দণ্ড দেওয়া হয়। জব্দ করা পেট্রোল ট্যাগ কর্মকর্তার উপস্থিতিতে সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।
প্রশাসন সূত্র জানায়, এর আগেও গত ২৯ মার্চ একই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছিল। সে সময় ওই ডিপো মালিককে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়। বারবার আইন অমান্য করায় এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানে সাঘাটা থানার উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হাসানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।
সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল কবীর বলেন, অভিযুক্ত ব্যক্তির কোনো বৈধ পেট্রোলিয়াম লাইসেন্স নেই। জনস্বার্থে এবং জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, একই দিনে ভ্রাম্যমাণ আদালত ফেরার পথে পবনতাইড় গ্রামে অভিযান চালিয়ে আব্দুল করীম নামে এক মাদকসেবীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সময়ের আলো/জোই