হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েই একটি বড় ধরনের ‘যুদ্ধ-পরবর্তী পরিকল্পনা’ নিয়ে এগোচ্ছে ইউরোপীয় দেশগুলো। এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
এ খবর নিশ্চিত করেছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় দেশগুলো একটি বৃহৎ আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে, যার লক্ষ্য যুদ্ধ-পরবর্তী সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখা। তবে প্রাথমিক পরিকল্পনায় এই জোটে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত না করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে।
ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, এই মিশনটি হবে একটি ‘আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন’। এতে কোনো যুদ্ধরত পক্ষকে অন্তর্ভুক্ত করা হবে না। সে হিসেবে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরান কারওই এই জোটে থাকার সম্ভাবনা নেই।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার কারণে এই রুটে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা আন্তর্জাতিক জাহাজ চলাচলে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।