সরকারি চাকরিতে বড় নিয়োগ প্রক্রিয়া শুরু করতে মাঠে নেমেছে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পাঁচ লাখ নতুন কর্মসংস্থান তৈরির লক্ষ্যে এবার সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্যপদের হালনাগাদ তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সম্প্রতি পাঠানো এক নির্দেশনায় মন্ত্রণালয়গুলোকে নির্ধারিত ছকে ৭ কার্যদিবসের মধ্যে শূন্যপদের বিস্তারিত তথ্য পাঠাতে বলা হয়েছে। এই তথ্যের ভিত্তিতেই বড় পরিসরের নিয়োগ কার্যক্রম চূড়ান্ত করা হবে।
সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। ইতোমধ্যে এ লক্ষ্যে কর্মপরিকল্পনা তৈরি করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
চিঠিতে উল্লেখ করা হয়েছে- মন্ত্রণালয়, বিভাগ ও অধীন দপ্তরের শূন্যপদের সংখ্যা, মাঠপর্যায়ের অফিসগুলোর খালি পদ, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) মাধ্যমে পূরণযোগ্য পদ, সরাসরি নিয়োগযোগ্য পদ। এই সব তথ্য সমন্বয় করে পূর্ণাঙ্গ চিত্র তৈরি করা হবে।
শুধু একবার নয়, প্রতি মাসের ৫ তারিখের মধ্যে শূন্যপদের আপডেট পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। একইসঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে পিএসসির মাধ্যমে নিয়োগের জন্য অধিযাচন পাঠাতে বলা হয়েছে।
প্রতিবেদন পিডিএফ ও ওয়ার্ড ফরম্যাটে সফটকপি আকারে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে। এতে পুরো প্রক্রিয়াকে দ্রুত ও সমন্বিত করার লক্ষ্য রয়েছে।
এএডি/