মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্ক নিয়ে নতুন করে অবস্থান স্পষ্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সামরিক উত্তেজনা এবং লেবানন প্রসঙ্গ ঘিরে সমালোচনার মাঝেও তিনি প্রকাশ্যে ইসরায়েলকে ‘বিশ্বস্ত মিত্র’ হিসেবে তুলে ধরেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েল এমন একটি দেশ যা কঠিন সময়ে কখনও যুক্তরাষ্ট্রকে হতাশ করেনি। তার ভাষায়, ‘মানুষ পছন্দ করুক বা না করুক, তারা আমাদের প্রকৃত বন্ধু।’ তিনি ইসরায়েলিদের সাহসী ও কৌশলী জাতি হিসেবেও বর্ণনা করেন।
এই মন্তব্য এসেছে এক অদ্ভুত সময়ের প্রেক্ষাপটে। এর ঠিক আগের দিনই লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ট্রাম্প। তিনি তখন সংঘাত থামানোর আহ্বান জানিয়ে স্পষ্টভাবে বলেছিলেন, বোমা হামলা বন্ধ হওয়া উচিত।
আরও পড়ুন
তবে বাস্তব পরিস্থিতি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের সতর্কতার পরও লেবাননে হামলা অব্যাহত ছিল। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তার ঘোষণার পরদিনই নতুন করে কয়েকটি এলাকায় বিমান হামলা চালানো হয়।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের বক্তব্যে একদিকে যেমন ইসরায়েলের প্রতি দীর্ঘদিনের কূটনৈতিক সমর্থন প্রতিফলিত হয়েছে, অন্যদিকে চলমান সংঘাত থামানোর চেষ্টাও স্পষ্ট। তবে দুই অবস্থানের এই বৈপরীত্যই এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন প্রশ্ন তৈরি করছে।
এএডি/