সিলেট বিভাগে আশঙ্কাজনকহারে বাড়ছে হাম ও রুবেলার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণ হারিয়েছে ৩ শিশু এবং আরও ২৩ জনে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।
শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ২৩ জনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ল্যাব নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। জেলাভিত্তিক হিসেবে এখন পর্যন্ত সিলেটে ২৬ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ৭ জন আক্রান্ত হয়েছেন।
সংক্রমণের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে হাসপাতালে রোগীর চাপ। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৬৯ জন সন্দেহভাজন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯০ জন ভর্তি আছেন সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
এছাড়া মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালেও বাড়ছে আক্রান্তের ভিড়। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে প্রাণ হারিয়েছে ৩ শিশু।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৭ জনের, যার মধ্যে একজনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
/কেএইচও