পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে রাজ্য রাজনীতিতে বড় চমক এনে মুর্শিদাবাদের নওদা ও রেজিনগর—দুটি আসনেই জয় পেয়েছেন ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি দুই আসনেই বড় ব্যবধানে জয়ী হয়েছেন।
নওদা আসনে হুমায়ুন কবীর পেয়েছেন ৮৬,৪৬৩ ভোট। বিজেপি প্রার্থী রাণা মণ্ডলকে তিনি ২৭,৯৪৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন। রেজিনগর আসনে তার প্রাপ্ত ভোট ১,২৩,৫৩৬, যেখানে বিজেপি প্রার্থী বাপন ঘোষের থেকে তিনি ৫৮,৮৭৬ ভোটে এগিয়ে থাকেন। দুই আসনেই তৃণমূল কংগ্রেস তৃতীয় স্থানে নেমে গেছে।
ভোটের আগে থেকেই হুমায়ুন কবীর ছিলেন রাজ্যের আলোচনার কেন্দ্রবিন্দুতে। মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে স্থাপত্য নির্মাণ এবং নতুন রাজনৈতিক দল গঠন করে তিনি ব্যাপক আলোচনার তৈরি করেন। একসময় কংগ্রেস ও পরে তৃণমূলের বিধায়ক থাকা হুমায়ুন দল থেকে বহিষ্কারের পর ‘আম জনতা উন্নয়ন পার্টি’ গঠন করেন এবং সেই দল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনের আগে তার বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ও দলীয় ভাঙনের অভিযোগও ওঠে। তবে সব বিতর্ক সত্ত্বেও নওদা ও রেজিনগর—দুটি আসনেই জয়ী হয়ে তিনি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করলেন।
/ইউএমএইচ