অভিনয়জগতের পরিচিত মুখ পার্নো মিত্র এবার ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পেছনে নিজের নতুন পরিচয় তৈরি করতে যাচ্ছেন। প্রথমবারের মতো তিনি অংশ নিতে চলেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসবে, তবে অভিনেত্রী হিসেবে নয়- একজন নির্বাহী প্রযোজক হিসেবে।
সামাজিক মাধ্যমে নিজেই এই নতুন অধ্যায়ের ঘোষণা দেন পার্নো। তিনি জানান, ‘স্পিরিট অফ ওয়াইল্ড লাইফ’ নামের একটি তথ্যচিত্রের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে।
এই প্রকল্পটি নির্মিত হয়েছে ট্যাবারনাকল স্ট্রিট ফিল্মস এবং আদ্য ফিল্মসের যৌথ ব্যানারে। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন শ্রীময়ী চক্রবর্তী।
গল্পের কেন্দ্রে রয়েছে দুই সাঁওতাল নারী- অঙ্কিতা ও বিনুর জীবনসংগ্রাম। মহুয়া তৈরি ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা এই দুই নারীর টিকে থাকার লড়াই, স্বপ্ন এবং বাস্তবতার কঠিন সংঘাতই এখানে তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন
পার্নো মিত্র জানিয়েছেন, ভালো কনটেন্টের সঙ্গে যুক্ত থাকতে পারা তার কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। তাই এই প্রকল্পে কাজ করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত। পাশাপাশি কান উৎসবে অংশ নেওয়া তার জন্য একটি বড় অভিজ্ঞতা হতে চলেছে বলেও তিনি জানান।
প্রসঙ্গত, কান উৎসবে নিয়মিতভাবে অংশ নেন ঐশ্বরিয়া রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন এবং বিদ্যা বালানের মতো তারকারা। এবার তাদের সঙ্গে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে যুক্ত হচ্ছেন পার্নো মিত্র এবং তারা সুতারিয়া।
সব মিলিয়ে, পার্নোর এই যাত্রা শুধু ব্যক্তিগত ক্যারিয়ারের নতুন অধ্যায় নয়, বরং টলিউডের জন্য আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার ইঙ্গিত হিসেবেও দেখা হচ্ছে।
এএডি/