বিশ্ব জাদুঘর দিবস : একনজরে ঢাকার ২০ জাদুঘর

সময়ের আলো ডেস্ক

ফিচার

যে কোনও দেশকে ভালোভাবে জানতে- তার জাদুঘরগুলো ঘুরে দেখতে হয়। জাদুঘরে সংরক্ষিত থাকে প্রাচীন থেকে বর্তমানের গুরুত্বপূর্ণ সবকিছু। ১৯৭৭ সালে

2026-05-18T19:02:17+00:00
2026-05-18T20:18:12+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
ফিচার
বিশ্ব জাদুঘর দিবস : একনজরে ঢাকার ২০ জাদুঘর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:০২ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ৮:১৮ পিএম
ঢাকার জাদুঘর। গ্রাফিক : সময়ের আলো
যে কোনও দেশকে ভালোভাবে জানতে- তার জাদুঘরগুলো ঘুরে দেখতে হয়। জাদুঘরে সংরক্ষিত থাকে প্রাচীন থেকে বর্তমানের গুরুত্বপূর্ণ সবকিছু। ১৯৭৭ সালে এর গুরুত্ব অনুভব করে আন্তর্জাতিক জাদুঘর পরিষদ (ICOM) জাদুঘর দিবসের সূচনা করে। তারপর থেকে প্রতিবছর ১৮ মে আন্তর্জাতিক জাদুঘর দিবস উদযাপিত হয়। বিশ্বব্যাপী সংস্কৃতির আদান-প্রদান, ঐতিহ্য সংরক্ষণ এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করাই এই দিবসটির প্রধান লক্ষ্য। আজ আন্তর্জাতিক জাদুঘর দিবস উপলক্ষ্যে ঢাকার ২০ টি জাদুঘর নিয়ে এই আয়োজন।

১। ঢাকা নগর জাদুঘর
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ছয়তলায় বড় একটি হলরুমে এই জাদুঘর অবস্থিত। ১৯৮৭ সালে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও নিদর্শন সংরক্ষণ করাই এই জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য।

২। ডাক জাদুঘর
বাংলাদেশ ডাক জাদুঘর রাজধানীর গুলিস্তানে (জিপিও) ডাক বিভাগের প্রধান কার্যালয়ে অবস্থিত। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এ জাদুঘরে নানা সময়ে ডাক বিভাগের ব্যবহৃত সরঞ্জামাদি স্থান পেয়েছে।

৩। ভাষাশহিদ আবুল বরকত স্মৃতি জাদুঘর ও সংগ্রহশালা
রাজধানীর পলাশীর মোড়ে অবস্থিত এ জাদুঘরের নির্মাণকাজ শেষ হয় ২০০৯ সালে। ভাষা আন্দোলনে অবদান রাখার জন্য তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়। 

৪। জাতীয় জাদুঘর
এটি শাহাবাগে অবস্থিত বাংলাদেশের জাতীয় জাদুঘর। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এ জাদুঘরে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি, আধুনিক ও প্রাচীন বিশ্ব-সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ অনেক কিছু সংরক্ষণ করা আছে।

৫। ডাকসু সংগ্রহশালা
১৯৯২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এটি প্রতিষ্ঠা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ করার উদ্দেশ্যে জাদুঘরটি নির্মিত হয়।


৬। জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর
পুরাতন এলিফ্যান্ট রোডে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন স্মৃতি, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়াই জাদুঘরটি প্রতিষ্ঠা করার মূল উদ্দেশ্য।

৭। লালবাগ জাদুঘর
১৬ শতকে নির্মিত লালবাগ দুর্গ জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৮০ সালে। প্রত্নতাত্ত্বিক এই জাদুঘরটি পুরান ঢাকার লালবাগে অবস্থিত। মুঘল আমলের ঐতিহ্য, ইতিহাস ও জীবনধারা প্রদর্শন করাই এর উদ্দেশ্য।

৮। আহসান মঞ্জিল জাদুঘর
পুরান ঢাকায় অবস্থিত এ স্থাপনাটি ১৮ শতকে নির্মিত হলেও জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা পায় ১৯৯২ সালে। ঢাকার নবাবদের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং তাদের ব্যবহৃত দ্রব্যাদি সংরক্ষণ ও প্রদর্শন করতে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

৯। সামরিক জাদুঘর
বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত এই জাদুঘর দেশের সবচেয়ে আধুনিক, তথ্যবহুল এবং প্রযুক্তিনির্ভর জাদুঘরগুলোর একটি। এটি সর্বপ্রথম ১৯৮৭ সালে ‘আর্মি মিউজিয়াম’ নামে প্রতিষ্ঠিত হয়, মিরপুর সেনানিবাসে। এরপর ১৯৯৭ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৯ সালের মার্চের মধ্যে বিজয় সরণিতে স্থানান্তরিত হয়। তখন এর নতুন নাম হয় ‘বাংলাদেশ সামরিক জাদুঘর’। জাদুঘরটির সংস্কার ও আধুনিকায়ন শুরু হয় ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে। ২০২২ সালের জানুয়ারিতে নতুন আঙ্গিকে এর উদ্বোধন করা হয়। সামরিক বাহিনীর গৌরবময় ইতিহাস, বীরত্ব ও আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

১০। স্বাধীনতা জাদুঘর
এটি সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত দেশের একমাত্র ভূগর্ভস্থ জাদুঘর। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরার উদ্দেশ্যে ২০১৫ সালে জাদুঘরটি নির্মিত হয়।


১১। লোকঐতিহ্য জাদুঘর
২০১০ সালে বাংলা একাডেমির বর্ধমান হাউসের তৃতীয় তলায় এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের লোকজ সংস্কৃতির প্রসার এবং লোকশিল্পীদের কাজ সংরক্ষণ ও উপস্থাপন করাই জাদুঘরটির উদ্দেশ্য।

১২। টাকা জাদুঘর
মীরপুর ২ নম্বরে ২০১৩ সালে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশ এবং বিশ্বের মুদ্রার ইতিহাস, ঐতিহ্য ও বিকাশের ক্রমধারা সংরক্ষণ এবং তা মানুষের কাছে তুলে ধরাই জাদুঘরটি প্রতিষ্ঠার মূল লক্ষ্য।

১৩। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর
১৯৬৬ সালে ঢাকা পাবলিক লাইব্রেরি ভবনে যাত্রা শুরু করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। পরবর্তীতে ১৯৮১ সালে আগারগাঁওয়ে এর নিজস্ব ভবন তৈরি করা হয়। বিজ্ঞানমনস্ক জাতি তৈরি করাই এ জাদুঘরের মূল লক্ষ্য।

১৪। মুক্তিযুদ্ধ জাদুঘর
মুক্তিযুদ্ধ প্রজন্মের একদল তরুণের স্বাধীনতার প্রকৃত চেতনা সংরক্ষণের উদ্দেশ্য নিয়ে ১৯৯৬ সালে আগারগাঁওয়ে এ জাদুঘর নির্মিত হয়।

১৫। বিমানবাহিনী জাদুঘর
১৯৮৭ সালে আগারগাঁওয়ে এ জাদুঘরের যাত্রা শুরু হয়। তবে, ২০১৪ সালে এটি আরও বিস্তৃত পরিসরে নির্মাণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধের সময় তাদের বীরত্বপূর্ণ অবদান এবং বিমান বাহিনীর ক্রমান্বয়ে উন্নতির ধারা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।


১৬। পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর
২০১৩ সালে রাজারবাগ পুলিশ লাইনসের টেলিকম ভবনে এ জাদুঘর উদ্বোধন করা হয়। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পুলিশের প্রথম প্রতিরোধ ও মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর গৌরবোজ্জ্বল ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই এ জাদুঘর প্রতিষ্ঠার উদ্দেশ্য।

১৭। আন্তর্জাতিক মাতৃভাষা জাদুঘর
সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রথম তলায় ২০১০ সালে জাদুঘরটির উদ্বোধন করা হয়। পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ, বিকাশ এবং ভাষা নিয়ে গবেষণাই এর মূল উদ্দেশ্য।

১৮। ভাষা আন্দোলন জাদুঘর
২০১০ সালে বাংলা একাডেমির বর্ধমান হাউসের দ্বিতীয় তলায় এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের গৌরবোজ্জ্বল ইতিহাস সম্পর্কে জানানো এবং এর চেতনাকে অমর করে রাখাই জাদুঘরটির উদ্দেশ্য।

১৯। শিশু জাদুঘর
দোয়েল চত্বরে অবস্থিত শিশু একাডেমি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর ভেতরে একটি শিশু জাদুঘর রয়েছে। শিশুদের শিক্ষা ও বিনোদনের লক্ষ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়।

২০। বাঙালি সমগ্র জাদুঘর
ঢাকার এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড়ের খায়ের ম্যানশনে ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় বাঙালি সমগ্র জাদুঘর। বাঙালির বিভিন্ন ইতিহাস-ঐতিহ্য ও শিল্প-সংস্কৃতি সংরক্ষণ করাই এর উদ্দেশ্য।

এছাড়া বলধা জাদুঘর, জল্লাদখানা বধ্যভূমি স্মৃতি জাদুঘর, নৌবাহিনী জাদুঘর, জাতীয় প্রাকৃতিক জাদুঘর, জাতীয় চিত্রশালাসহ আরও বেশ কিছু জাদুঘর ছড়িয়ে ছিটিয়ে আছে রাজধানীর আনাচেকানাচে।






  বিষয়:   জাদুঘর  দিবস  ঢাকা  ২০ 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: