কেনিয়ায় মেয়েদের একটি আবাসিক স্কুলে রাতের আঁধারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থাতেই অন্তত ১৬ জন শিক্ষার্থী পুড়ে মারা গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৭৪ জন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত গিলগিল শহরের ‘উতুমিশি গার্লস স্কুলে’।
পুলিশ ও কেনিয়া রেড ক্রসের কর্মকর্তারা জানান, বুধবার (২৭ মে) স্থানীয় সময় দিবাগত রাত ১টার দিকে স্কুলের একটি ছাত্রাবাস ভবনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। ওই সময় ভবনের ভেতরে ২২০ জন শিক্ষার্থী ঘুমাচ্ছিল। চোখের পলকেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জরুরি সেবাদাতা, চিকিৎসাকর্মী ও রেড ক্রসের উদ্ধারকারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
পুলিশের স্থানীয় কমান্ডার মাসৌদ উইনি স্কুলের বাইরে উদ্বিগ্ন অভিভাবক ও উৎসুক জনতার উদ্দেশ্যে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ও দুর্ভাগ্যজনক পরিস্থিতি। ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ধসে পড়া ভবনের ভেতরে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, কেনিয়ার আবাসিক স্কুলগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশ নিয়মিত। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের দুর্ঘটনায় অনেক শিক্ষার্থীর প্রাণহানি হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ছাত্রাবাসগুলোতে ধারণক্ষমতার অতিরিক্ত শিক্ষার্থী রাখা এবং জরুরি সুরক্ষার সঠিক ব্যবস্থা না থাকার কারণেই এই ধরনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এত বেশি হয়।
সময়ের আলো/জেডি