বৃহস্পতিবার নয়াদিল্লিতে জরুরি বৈঠক ডেকেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। মাত্র ১২ ঘণ্টার নোটিশে দেশের সব রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাধারণ সম্পাদকদের দিল্লির ইন্দিরা ভবনে ডেকে পাঠানো হয়েছে। এমন দ্রুত আহ্বান কংগ্রেসে তুলনামূলকভাবে বিরল বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
দলের সূত্রে জানা গেছে, সাধারণত কোনো বড় জাতীয় রাজনৈতিক ইস্যু বা গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্তের আগে এই ধরনের বৈঠক ডাকা হয়। তবে এত অল্প সময়ের নোটিশে বৈঠক আহ্বান করা সাধারণ ঘটনা নয়।
বুধবার (১০ জুন) হঠাৎ করেই এই জরুরি বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়, যা ঘিরে কংগ্রেসের ভেতরে ও বাইরে জল্পনা তৈরি হয়েছে।
এই বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এতে উপস্থিত থাকার কথা রয়েছে রাহুল গান্ধীসহ দলের শীর্ষ নেতৃত্বের।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শঙ্কর সরকার এদিন লোকভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং সেখানে পুলিশ তাকে আটক করে। পরে তিনি মুক্তি পেয়ে দিল্লির উদ্দেশে রওনা দেন।
এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বিরোধী জোট ইন্ডিয়া জোটের অভ্যন্তরীণ সমন্বয় এবং বিভিন্ন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ, দলীয় কৌশল এবং সম্ভাব্য সাংগঠনিক পরিবর্তন নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা চলছে।
/ইউএমএইচ