আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। বিপরীতে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এ থেকেই বোঝা যাচ্ছে, এক বিশাল অঙ্কের ঘাটতি মাথায় নিয়ে নতুন বাজেট প্রস্তাব করতে যাচ্ছে সরকার।
প্রস্তাবিত বাজেটের আয়-ব্যয়ের এই বিশাল ঘাটতি পূরণে নতুন অর্থমন্ত্রী কিছু পরিকল্পনা করেছেন।
রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা
প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ৬ লাখ ২৯ হাজার কোটি টাকা। কর-বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার কোটি টাকা। নন-ট্যাক্স রেভিনিউ বা কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৬৬ হাজার কোটি টাকা। এ ছাড়া বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ১৫০ কোটি টাকা।
ঘাটতি ও অর্থায়নের পরিকল্পনা
নতুন প্রস্তাবিত বাজেটে অনুদান ছাড়া মোট ঘাটতির পরিমাণ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা প্রাক্কলিত মোট জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ। অনুদানসহ এই ঘাটতি দাঁড়াবে ২ লাখ ৩৬ হাজার ৮৫০ কোটি টাকা, যা জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ। বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক- উভয় উৎসের ওপরই ভরসা করছে।
পরিকল্পনা অনুযায়ী, বৈদেশিক ঋণ ও অনুদান খাত থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা রাখা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের ১ লাখ ২৭ হাজার কোটি টাকার মধ্যে ১ লাখ ১২ হাজার কোটি টাকাই নেওয়া হবে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। এ ছাড়া, জাতীয় সঞ্চয়পত্র থেকে ৮ হাজার ৫০০ কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকাসহ মোট ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বৈদেশিক ঋণের হিসাব
সরকার বৈদেশিক ঋণ ও অনুদান সংগ্রহের ওপর বিশেষ জোর দিচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছরে মোট ১ লাখ ৫৫ হাজার ৮৫০ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হবে। সেখান থেকে পূর্বের বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ ৪৬ হাজার কোটি টাকা পরিশোধ করা হবে। এতে সরকারের নিট বৈদেশিক ঋণ দাঁড়াবে ১ লাখ ৯ হাজার ৮৫০ কোটি টাকা। তার সঙ্গে ৬ হাজার ১৫০ কোটি টাকার বিদেশি অনুদান যুক্ত হয়ে এই খাত থেকে মোট ১ লাখ ১৬ হাজার কোটি টাকা আসবে। তবে, বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতিতে এই লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে সংশয় রয়েছে।
এদিকে, চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। কিন্তু অর্থবছর শেষ হওয়ার আগেই সরকার ব্যাংক খাত থেকে নিট ১ লাখ ৯ হাজার ৫৬৮ কোটি টাকা ঋণ নিয়ে ফেলেছে, যা ইতোমধ্যে বার্ষিক লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে গেছে।
জিডিপি, প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির চ্যালেঞ্জ
নতুন প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশের মোট জিডিপি ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। আগামী অর্থবছরে ৬ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, গত মে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৪২ শতাংশ। এতে প্রবৃদ্ধির গতি ধরে রাখা, মূল্যস্ফীতি স্থিতিশীল রাখা এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব সংগ্রহ বাড়ানোই হবে আগামী অর্থবছরে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের ঘাটতি
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল পর্যন্ত) সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৫৩৩ কোটি টাকা। এ সময়ে এনবিআরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩১ হাজার ৪৬১ কোটি ২৭ লাখ টাকা, বিপরীতে আদায় হয়েছে মাত্র ৩ লাখ ২৬ হাজার ৯২৮ কোটি ১৬ লাখ টাকা। ১০ মাসে প্রবৃদ্ধি ১০ দশমিক ৬০ শতাংশ অর্জিত হলেও, অর্থবছর শেষ হতে বাকি থাকা অল্প সময়ে লক্ষ্যমাত্রা ছুঁতে হলে আরও প্রায় ১ লাখ ৭৬ হাজার কোটি টাকা আদায় করতে হবে- যা বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য এই প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম বাজেট।
নিয়ম অনুযায়ী, সংসদে উপস্থাপনের আগে বাজেটটি বিশেষ মন্ত্রিসভায় অনুমোদিত হবে এবং পরবর্তীতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এতে সম্মতি জানিয়ে স্বাক্ষর করবেন। আগামী ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে এই নতুন বাজেট।
/মহু