কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের নিজবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি ওই এলাকার মফিজুল হকের ছেলে ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণি ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজের উপর মোখলেছুর রহমানসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ অন্যান্য সংযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনগণের মনে আতঙ্ক, ভীতি সৃষ্টি করে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা ও সন্ত্রাসী কার্যক্রম করেন। পরে ওই ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়। সেই মামলায় পলাতক অজ্ঞাত আসামি হিসেবে মোখলেছুর রহমানকে গ্রেফতার দেখানো হয়।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, ২০২৪ এর ৫ আগস্টের পর হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক তিনটি মামলায় আগে গ্রেফতার হলেও সে সব মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত আছেন। নতুন করে চতুর্থ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
সোমবার বিকালে তাকে কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
সময়ের আলো/জোই