সংবাদপত্রের কালো দিবস আজ

সময়ের আলো ডেস্ক

ফিচার

আজ ১৬ জুন। বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসে দিনটি ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পরিচিত। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার

2026-06-16T18:43:27+00:00
2026-06-16T18:43:27+00:00
 
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
ফিচার
সংবাদপত্রের কালো দিবস আজ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ০)
১৯৭৬ সাল থেকে সাংবাদিক সমাজ ১৬ জুনকে ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। ছবি : সংগৃহীত
আজ ১৬ জুন। বাংলাদেশের সংবাদমাধ্যমের ইতিহাসে দিনটি ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পরিচিত। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাদের অনুগত ৪টি সংবাদপত্র ছাড়া দেশের বাকি সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ করে দেয়। ফলে বিভিন্ন সংবাদপত্রে কর্মরত অসংখ্য সাংবাদিক, সম্পাদক, কর্মকর্তা ও কর্মচারী এক মুহূর্তে কর্মহীন হয়ে পড়েন। একইসঙ্গে স্তব্ধ হয়ে যায় মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অংশগ্রহণ এবং ব্যক্তিস্বাধীনতার সাংবিধানিক চর্চা।

স্বাধীনতার মাত্র তিন বছর পর, ১৯৭৫ সালে জাতীয় সংসদে সংবিধানের চতুর্থ সংশোধনী পাস করা হয়। যা সে সময় ব্যাপকভাবে গণতন্ত্রবিরোধী পদক্ষেপ হিসেবে সমালোচিত হয়েছিল। এই সংশোধনীর ধারাবাহিকতায় দেশে একদলীয় শাসনব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠা করা হয়। এরপর ১৬ জুন জারি করা হয় সংবাদপত্র বন্ধের নির্দেশনা, যা বাংলাদেশের গণমাধ্যম ইতিহাসে এক বিতর্কিত অধ্যায়ের সূচনা করে।

এই সিদ্ধান্তের ফলে দেশের সংবাদপত্র শিল্পে নেমে আসে স্থবিরতা। বহু প্রতিষ্ঠিত পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়, হাজারও সংবাদকর্মী জীবিকা হারান এবং স্বাধীন সাংবাদিকতার পরিসর সংকুচিত হয়ে পড়ে। সংবাদমাধ্যমের কণ্ঠরোধের মাধ্যমে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের একটি নতুন বাস্তবতা তৈরি হয় বলে সমালোচকরা মনে করেন।


পরবর্তীতে ১৯৭৫ সালের নভেম্বরে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় আসেন। তার নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত হয় এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে বাকশালব্যবস্থার অবসান ঘটে।

সাংবাদিক মহলের একটি অংশের অভিযোগ, আওয়ামী লীগ যতবার রাষ্ট্রক্ষমতায় এসেছে, ততবারই গণমাধ্যম বিভিন্নভাবে চাপ ও নিয়ন্ত্রণের মুখে পড়েছে। তাদের দাবি, ২০০৯ সালে ক্ষমতায় আসার পরও দলটি একই ধারা অব্যাহত রাখে। বিভিন্ন সময় কয়েকটি সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল ও অনলাইন সংবাদমাধ্যম বন্ধ হয়ে যাওয়ায় বহু সংবাদকর্মী কর্মসংস্থান হারান।

এ সময় আলোচিত সাগর-রুনি হত্যাকাণ্ডসহ সাংবাদিক নির্যাতনের নানা ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইনসহ বিভিন্ন আইনকে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের একটি অংশ ‘কালাকানুন’ আখ্যা দিয়ে মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে সমালোচনা করে।

সংবাদমাধ্যমের স্বাধীনতা হরণ এবং বাকস্বাধীনতার ওপর নিয়ন্ত্রণের স্মরণে ১৯৭৬ সাল থেকে সাংবাদিক সমাজ ১৬ জুনকে ‘সংবাদপত্রের কালো দিবস’ হিসেবে পালন করে আসছে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং অবাধ মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে প্রতি বছর দিনটি স্মরণ করা হয়।

/মহু


  বিষয়:   সংবাদপত্র  কালো দিবস  বাকশাল 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: