প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত চীন সফরে কী ঘটতে পারে, তা নিয়ে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ। এই কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ টেনে কথা বলেন।
তিনি উল্লেখ করেন, গত রাতে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্র দল। এ প্রসঙ্গে তিনি উপস্থিতদের উদ্দেশে বলেন, তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে অনুরোধ করতে এসেছেন যেন তারা আসন্ন ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।
বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে রাষ্ট্রদূত আরও বলেন, দীর্ঘ মেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।