সাইফুল্লাহর খুনিদের গ্রেফতারর দাবিতে শিবিরের বিক্ষোভ, আল্টিমেটাম

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

মুষলধারে বৃষ্টিও থামাতে পারেনি তাঁদের। সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা পৌর পার্কের শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হন শত শত শিবির

2026-06-22T19:01:18+00:00
2026-06-22T19:23:44+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
সাইফুল্লাহর খুনিদের গ্রেফতারর দাবিতে শিবিরের বিক্ষোভ, আল্টিমেটাম
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২২.০৬.২০২৬ ৭:২৩ পিএম
সাইফুল্লাহর খুনিদের গ্রেফতারর দাবিতে শিবিরের বিক্ষোভ, আল্টিমেটাম। ছবি : সময়ের আলো
মুষলধারে বৃষ্টিও থামাতে পারেনি তাঁদের। সোমবার সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা পৌর পার্কের শহিদ মিনার প্রাঙ্গণে জড়ো হন শত শত শিবির নেতাকর্মী। উদ্দেশ্য একটাই- শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যার বিচার এবং খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ। বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নেতারা সাফ জানিয়ে দেন- নির্দিষ্ট সময়ের মধ্যে সকল আসামিকে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি আসবে।

গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন ও সভাপতি নির্বাচন নিয়ে কয়েকদিন ধরেই স্থানীয়ভাবে উত্তেজনা চলছিল। সেই উত্তেজনা রক্তক্ষয়ী রূপ নেয় গতকাল রবিবার (২১ জুন) বিকেলে। বোনারপাড়া চৌমাথা এলাকায় বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী ও তাঁর সহযোগী সালাহউদ্দিনের ওপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে একটি সশস্ত্র দল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, তাঁর ভাই পলাশ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ আখন্দ ও যুবদল নেতা রবিউল ইসলামসহ ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। হামলার একপর্যায়ে সাইফুল্লাহ বারীকে ধাওয়া করে গলায় ছুরিকাঘাত করা হয়। একই সঙ্গে সালাহউদ্দিনকেও গুরুতরভাবে জখম করা হয়।


স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সাইফুল্লাহ বারীর অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সাইফুল্লাহ বারী সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রংপুরের সাতগড়া মডেল কামিল মাদ্রাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষে পড়াশোনা করছিলেন।

হামলায় আহত সালাহউদ্দিনকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে সোমবার রাত ১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পারিবারিক সূত্র জানায়, হামলায় তাঁর পিঠের ডান পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং ফুসফুসও আঘাতপ্রাপ্ত হয়েছে। চিকিৎসকেরা তাঁর অবস্থাকে এখনও আশঙ্কাজনক বলছেন।

গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, জেলা শিবিরের সাবেক সভাপতি আবু হাসান আকন্দ, ফেরদৌস সরকার রুম্মান, গাইবান্ধা পৌর জামায়াতের আমীর ফেরদৌস আলম ফিরোজ, জেলা সেক্রেটারি মো. ফাহিম মন্ডল এবং গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন।


বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে শিবির নেতাদের টার্গেট করে হত্যা করছে। তাঁরা বলেন, সাইফুল্লাহ বারীর রক্ত বৃথা যাবে না- হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একজন আসামি গ্রেপ্তার হলেও মূল অভিযুক্তসহ বাকিরা এখনও পলাতক বলে তাঁরা জানান। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে বক্তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার কড়া সমালোচনা করেন এবং অবিলম্বে সকল আসামিকে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফ আখন্দ নামে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে টহল জোরদার করা হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনার পরপরই হামলার মূল অভিযুক্ত বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুলকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে গাইবান্ধা জেলা যুবদল। জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টো স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত এই নেতার কোনো কর্মকাণ্ডের দায় যুবদল বহন করবে না এবং সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে যেকোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   গ্রেফতার  শিবির  বিক্ষোভ  আল্টিমেটাম 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: