চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২২ জুন) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টায় একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরেকটি ঘরে। এলাকার সড়ক অত্যন্ত সরু হওয়ায় খবর পেয়েও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। তবে এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টা ও সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসায় আশপাশের আরও কয়েকটি বসতঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ভুক্তভোগী পরিবার জানায়, সিএনজি অটোরিকশা চালক শ্যামল দাশ সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর এবং পরিবারের অন্য সদস্য কিস্তির টাকা দিতে বাইরে গেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তারা এসে দেখেন, ততক্ষণে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম বলেন, ‘ক্ষতিগ্রস্ত দুই পরিবার অত্যন্ত দরিদ্র। আগুনে তাদের সবকিছু পুড়ে গেছে। তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন।’ তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন মানবিক সংগঠনকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সময়ের আলো/মহু