জাপানে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ১০টা ৫ মিনিট) এই ভূমিকম্প অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ ও গবেষণা সংস্থা (ইউএসজিএস) এক বিবৃৃতিতে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল জাপানের ওকিনাওয়া জেলার মিয়াকো দ্বীপের হিরারা শহর থেকে ১৩৬ কিলোমিটার উত্তর-পূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। অগভীর গভীরতায় উৎপত্তি হওয়ায় কম্পন বেশ তীব্রভাবে অনুভূত হয়।
তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর জাপানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করলেও পরিস্থিতি পর্যালোচনা শেষে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার ওপর অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। দেশটিতে প্রায় প্রতি মাসেই একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়।
উল্লেখ্য, জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে ২০১১ সালের ১১ মার্চ। ৯ দশমিক ১ মাত্রার সেই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
সময়ের আলো/এসএকে