বঙ্গোপসাগরে এফবি মা কালি নামে একটি ট্রলার ডুবে ৯ জেলের মৃত্যু হয়েছে। বাকি ৬ জেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে প্রশাসন।
রোববার (১২ জুলাই) রাতে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গোবর্ধনপুর থানার পুলিশ ও বন দফতর এবং ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা বাঘের চরের কাছে ডুবে যাওয়া ট্রলারটি খুঁজে পায়।
এর আগে, ২ জুলাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর থেকে ১৫ জন মৎস্যজীবী নিয়ে মাছ ধরার জন্য যাত্রা করে ট্রলারটি। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে হঠাৎ ৫ জুলাই থেকে ট্রলারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ট্রলারটি নিখোঁজ হওয়ার পরেই দীঘা ফিশারম্যান এন্ড ফিস ট্রেডার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীঘা ও মন্দারমনি মেরিন পুলিশকে বিষয়টি জানানো হয়। এরপরই শুরু হয় তল্লাশি ও উদ্ধার অভিযান।
রোববার খুঁজে পাওয়ার পর ট্রলারটি সীতারামপুরে আনা হয়। স্থানীয় প্রশাসন এবং উপকূল রক্ষী বাহিনীর সদস্যরা মিলে রাতভর উদ্ধার কাজ চালিয়ে ট্রলারের ভেতর থেকে ৯ জন জেলের মরদেহ উদ্ধার করে।
মৎস্যজীবী ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান, ট্রলারটি ১৫ জন মৎসজীবি নিয়ে বকখালি দিয়ে গভীর সমুদ্রে গিয়েছিল। সমুদ্র উত্তল থাকায় ট্রলারটিতে পানি উঠে যায় এবং জেলেরাও নিখোঁজ হয়ে যায়। এরপর প্রশাসন সেই ট্রলারটি খুঁজে পেয়ে ৯ জনের মরদেহ উদ্ধার করে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
সময়ের আলো/মহু