ক্রিপ্টো ট্রেডিং ও মাল্টি-লেভেল মার্কেটিং (এমএলএম) প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘটিত আর্থিক প্রতারণা থেকে জনসাধারণকে সম্পূর্ণ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ ধরনের কোনো প্ল্যাটফর্মই বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট কোনো নিয়ন্ত্রক সংস্থার লাইসেন্সপ্রাপ্ত বা অনুমোদিত নয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশন (ডিসিপি) থেকে প্রকাশিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, Crossmarket.ai কিংবা এই ধরনের যেকোনো অননুমোদিত ক্রিপ্টো ট্রেডিং বা এমএলএম প্ল্যাটফর্মে বিনিয়োগ, আর্থিক লেনদেন বা সদস্য সংগ্রহের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
অননুমোদিত এসব প্ল্যাটফর্মে বিনিয়োগ বা লেনদেন করলে সর্বস্ব হারানোর ও বড় ধরনের আর্থিক প্রতারণার তীব্র ঝুঁকি থাকে। তাই জনসাধারণের কষ্টার্জিত অর্থ সুরক্ষায় এ ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রম থেকে সর্বসাধারণকে দূরে থাকার জোরালো পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
যেকোনো লোভনীয় অফার বা অননুমোদিত ডিজিটাল প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগের পূর্বে তার বৈধতা যাচাই করুন। সচেতনতাই পারে আপনাকে আর্থিক প্রতারণা থেকে রক্ষা করতে।
সময়ের আলো/জোই