ফুটবল বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত এক বিশেষ দাতব্য নিলামে কোরিয়ান পপ সেন্সেশন বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত একটি সাধারণ শার্ট বিক্রি হয়েছে অবিশ্বাস্য মূল্যে। আন্তর্জাতিক নিলাম সংস্থা ‘ক্রিস্টিজ’-এর আয়োজনে ‘ওয়ান গোল : অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক সপ্তাহব্যাপী অনলাইন নিলামে শার্টটির সর্বোচ্চ দর ওঠে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকারও বেশি।
বুধবার (২৯ জুলাই) শেষ হওয়া এই আন্তর্জাতিক নিলামে বিভিন্ন খ্যাতিমান অ্যাথলেট ও গায়কদের পরা পোশাক ও স্মারক তোলা হয়েছিল। তবে পুরো আয়োজনের মূল আকর্ষণ হয়ে দাঁড়ায় বিশ্বকাপ ফাইনাল ম্যাচ বল এবং বিটিএস সদস্য জিমিনের শার্টটি। নিলামে এই দুটি স্মারকই সমান ১ লাখ ১০ হাজার ডলারে বিক্রি হয়ে তালিকার শীর্ষে জায়গা করে নেয়।
এমনকি ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সিটি বিক্রি হয় ৬৬ হাজার ডলারে এবং পপসম্রাজ্ঞী ম্যাডোনার পরা গোলরক্ষকের গ্লাভসটি বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে।
কোরিয়ান ব্যান্ড বিটিএসের সদস্যদের অন্যান্য ব্যবহৃত জিনিসপত্রের প্রতিও বিশ্বজুড়ে ভক্তদের ব্যাপক উন্মাদনা লক্ষ করা গেছে। নিলামে বিটিএস সদস্যদের অন্যান্য স্মারকের মধ্যে ভির স্কার্ফ ও জাংকুকের জ্যাকেট প্রতিটি ৪৬,২০০ ডলার, সুগার প্যান্ট ৩৩,০০০ ডলার, জে-হোপের গ্লাভস ২৮,৬০০ ডলার, আরএমের বুট ১৯,৮০০ ডলার এবং জিনের বেল্ট ১৬,৫০০ ডলারে বিক্রি হয়। সব মিলিয়ে বিটিএস সদস্যদের স্মারক বিক্রি করেই আয় হয়েছে ৩ লাখ ৩০০ ডলার, যা পুরো নিলামের মোট উপার্জনের প্রায় ৪৬ শতাংশ!
বিশ্বের ২৪টি দেশের ধনকুবের ও ভক্তদের অংশগ্রহণে এই নিলাম থেকে সর্বমোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার তহবিল সংগৃহীত হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, সংগৃহীত এই বিপুল অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দান করা হবে, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবল খেলায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টিতে ব্যয় করা হবে।
সময়ের আলো/জেডি