গুগল অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিরাপত্তা জোরদারে নতুন বয়স নিশ্চিতকরণ প্রযুক্তি আনছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ তাদের প্লে সিগন্যাল এপিআই বিশ্বজুড়ে উন্মুক্ত করা হবে।
ইতোমধ্যে ব্রাজিলে এটি চালু হয়েছে এবং আগামী আগস্টের মাঝামাঝি অস্ট্রেলিয়া ও কানাডায় সেবাটি চালু হবে।
এই প্রযুক্তির মাধ্যমে অ্যাপ ডেভেলপাররা ব্যবহারকারীর জন্মতারিখ বা অন্যান্য ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করেই তার বয়সসীমা জানতে পারবেন। ফলে শিশু ও কিশোরদের জন্য আরও নিরাপদ এবং বয়স উপযোগী অভিজ্ঞতা নিশ্চিত করা সহজ হবে।
গুগল জানিয়েছে, অভিভাবকরা ফ্যামিলি লিংক -এর মাধ্যমে একবার সন্তানের বয়সসীমার তথ্য যুক্ত করলেই প্রয়োজন অনুযায়ী বিভিন্ন অ্যাপ সেই তথ্য ব্যবহার করতে পারবে। তবে তথ্য স্বয়ংক্রিয়ভাবে শেয়ার হবে না। অভিভাবকদের সম্মতি দিয়েই তথ্য যুক্ত করতে হবে।
এদিকে প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরাও চাইলে নির্দিষ্ট অ্যাপের অনুরোধে নিজেদের বয়সসীমা শেয়ার করতে পারবেন, যাতে ব্যক্তিগতকৃত সেবা পাওয়া যায়।
বিশ্বজুড়ে শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর বাড়তি চাপের মধ্যেই গুগল এই উদ্যোগ নিয়েছে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপলও একই ধরনের বয়স যাচাইকরণ টুল চালু করেছিল।
গুগলের এই সুবিধা ফ্যামিলি লিংকের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে। এর মাধ্যমে অভিভাবকরা আগের মতোই স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ, অ্যাপ ডাউনলোড অনুমোদন এবং নির্দিষ্ট কনটেন্টে পিনভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবহার করতে পারবেন।
সময়ের আলো/এমকে