মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট করেন। এসব পোস্টের মধ্যে ছিল একটি ‘ট্রাম্প ২০২৮’ পোস্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা এমন কিছু ছবি, যেখানে তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে যুক্ত করে দেখানো হয়েছে।
একটি পোস্টে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধে দায়িত্ব পালন করা জেনারেল জর্জ প্যাটন ও ডগলাস ম্যাকআর্থারের পাশে সামরিক পোশাক পরা অবস্থায় ট্রাম্প দাঁড়িয়ে আছেন। অন্য কিছু পোস্টে ট্রাম্পকে তার আগে দায়িত্ব পালন করা বিখ্যাত কয়েকজন মার্কিন প্রেসিডেন্টের পাশে দেখানো হয়েছে।
ট্রুথ সোশ্যালের আরেকটি পোস্টে দেখা যায়, ক্যাম্প ডেভিডে প্রেসিডেন্ট জন এফ কেনেডির পাশে দাঁড়িয়ে হাসছেন ট্রাম্প। সবচেয়ে বেশি নজর কেড়েছে বিষয়টি হলো, প্রেসিডেন্ট তার ধারাবাহিক পোস্টের মাধ্যমে আবারও সংবিধান অনুযায়ী নিষিদ্ধ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়টি সামনে এনেছেন। রিপাবলিকান এই নেতা এর আগেও প্রায়ই প্রকাশ্যে তৃতীয় মেয়াদ নিয়ে কথা বলেছেন বা এ নিয়ে রসিকতা করেছেন। এর মধ্যে হোয়াইট হাউস সংবাদদাতা সমিতির নৈশভোজে তিনি ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি পরেছিলেন। তবে তিনি এটাও বলেছেন যে তিনি জানেন, তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না। বৃহস্পতিবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিষয়টি নিয়ে অস্পষ্ট মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘আমি যখন দায়িত্ব ছাড়ব, তখন আমাদের চিপ ব্যবসার একটি বড় অংশ থাকবে। আমি কতদিন দায়িত্বে থাকব কে জানে? তবে সময়টা অনেক দীর্ঘও হতে পারে। আবার এটা খুব দ্রুতও হতে পারে। তারা বলছে আড়াই বছর। আমরা তা দেখব।’
সাংবাদিকদের সঙ্গে একই আলাপচারিতায় প্রেসিডেন্ট ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সম্ভাব্য প্রচার নিয়েও নিজের মতামত জানান। তিনি বলেন, এখনই তাকে সমর্থন জানানোর বিষয়টি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। খবরে বলা হয়েছে, ব্যক্তিগত আলোচনায় ট্রাম্প রিপাবলিকান দলের দাতাদের জানিয়েছেন যে ২০২৮ সালের নির্বাচনে তিনি জেডি ভ্যান্সকে পছন্দ করেন।
এ বিষয়ে মন্তব্য জানতে দ্য ইন্ডিপেনডেন্ট হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররাও তার ২০২৮ সালের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। গত বছর সাংবাদিকদের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার মাইক জনসন বলেন, ‘এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল। তবে আমি মনে করি প্রেসিডেন্ট বিষয়টি জানেন এবং সংবিধানের সীমাবদ্ধতা নিয়ে তার সঙ্গে আমার আলোচনা হয়েছে।’ পডকাস্ট উপস্থাপক এবং ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেন, এমন একটি ‘পরিকল্পনা’ রয়েছে যার মাধ্যমে ট্রাম্প আবারও নির্বাচনে অংশ নিতে পারবেন।
দ্য ইকোনমিস্টকে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ব্যানন বলেন, ‘তিনি তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হবেন। ২০২৮ সালে ট্রাম্প প্রেসিডেন্ট থাকবেন এবং মানুষকে এখন থেকেই বিষয়টির সঙ্গে মানিয়ে নেওয়া উচিত।’
অক্টোবরে প্রেসিডেন্ট স্বীকার করেছিলেন যে তিনি তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং বিষয়টিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করেছিলেন।
সমালোচকরা অভিযোগ করেছেন, বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে প্রেসিডেন্ট কর্তৃত্ববাদী প্রবণতার দিকে ঝুঁকছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে সংবাদমাধ্যমের ওপর কঠোর ব্যবস্থা নেওয়া, মুখ ঢাকা অভিবাসন কর্মকর্তাদের ব্যবহার এবং ওয়াশিংটনের সরকারি ভবনের ব্যানারের ওপর তার বড় আকারের ছবি প্রদর্শন করা।
সময়ের আলো/এসএকে