একটি নয়, দুটি নয়- একে এক ২৫ বিয়ে। তা আবার ভুয়া পরিচয় ব্যবহার করে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে। স্থানীয় বিজেপি বিধায়ক জ্ঞান তিওয়ারি অভিযোগ করেছেন, তার মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে এমন এক ব্যক্তির সঙ্গে, যিনি ভুয়া পরিচয় ব্যবহার করে ২৫টি বিয়ে করেছেন।
এ ঘটনায় বিধায়কের অভিযোগের ভিত্তিতে মামলা করেছে পুলিশ। এরই মধ্যে অভিযুক্ত অনুজ ত্রিবেদী ও তার ছেলে প্রখর ত্রিবেদীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রেউসা থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে জ্ঞান তিওয়ারির মেয়ে প্রজ্ঞার সঙ্গে প্রখর ত্রিবেদীর বিয়ে হয়। প্রখর মিশ্রিখের চন্দ্রাওয়াল এলাকার বাসিন্দা এবং অনুজ ত্রিবেদীর ছেলে।
বিধায়কের অভিযোগ, বিয়ের সময় অনুজ ত্রিবেদী নিজেকে মুম্বাইয়ের একজন প্রতিষ্ঠিত রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছিলেন। একই সঙ্গে নিজের কথিত অপরাধমূলক অতীত ও আগের মামলার তথ্য গোপন করেছিলেন।
বিয়ের আগে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হয়েছিল এবং এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাছ থেকেও ওই পরিবার সম্পর্কে ইতিবাচক তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতেই বিয়ের সম্পর্ক চূড়ান্ত করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
তবে বিয়ের প্রায় আড়াই বছর পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সূত্রের মাধ্যমে প্রখর ত্রিবেদীর কথিত কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারে পরিবারটি।
জ্ঞান তিওয়ারির অভিযোগ, প্রখর ভুয়া পরিচয় ব্যবহার করে বিভিন্ন রাজ্যের একাধিক নারীকে সম্পর্কের প্রলোভন দেখাতেন। পরে তাদের কাছ থেকে কোটি কোটি রুপি হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে এমন প্রতারণার ঘটনা ঘটেছে বলে দাবি তার।
ঘটনার পর অভিযুক্ত পরিবারের সঙ্গে সব ধরনের সামাজিক ও ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানান জ্ঞান তিওয়ারি। তিনি তার মেয়েকেও নিজের বাড়িতে ফিরিয়ে এনেছেন।
বিধায়কের অভিযোগ, এই ঘটনার কারণে তার পরিবার গভীর মানসিক আঘাতের শিকার হয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবে তার সামাজিক ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, জ্ঞান তিওয়ারির অভিযোগের ভিত্তিতে অনুজ ত্রিবেদীর বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
গত ৬ আগস্ট মেয়েকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন জ্ঞান তিওয়ারি। সেখানে তিনি অভিযোগ করেন, তার পরিবার প্রতারণার শিকার হয়েছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান। অনুজ ত্রিবেদীর জন্য তিনি মৃত্যুদণ্ডের দাবিও করেন।
একই সঙ্গে তার জামাই প্রখর ত্রিবেদী দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী তাকেও কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান বিজেপি বিধায়ক।
সময়ের আলো/আআ